পুলিশ কে ফাঁকি দিয়ে পালাল পিচ্চি রাজা ৫ পুলিশ সদস্য সাময়িক দরখাস্ত

পুলিশ কে ফাঁকি দিয়ে পালাল পিচ্চি রাজা ৫ পুলিশ সদস্য সাময়িক দরখাস্ত

গাজীপুর প্রতিনিধি


ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কারাগারে নেওয়ার পথে শৌচাগারের কথা বলে ২৫ মামলার আসামি রাজা ওরফে পিচ্চি রাজা’র পলায়নের ঘটনায় ৫ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তাহেরুল হক চৌহান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামি রাজার পলায়নের পরে পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা, গাড়ির ড্রাইভারসহ সহ পাঁচজনকে বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে বলে জানান কমিশনার। ডিসি হেডকোয়ার্টারের নেতৃত্বে ওই তদন্ত কমিটি কাজ করবে। কারাগার সূত্রে জানা যায়, ঢাকা মেট্রোপলিটন আদালতে হাজিরার জন্য রোববার সকালে পিচ্চি রাজাকে প্রিজনভ্যানে করে ঢাকায় নেওয়া হয়। আদালতে হাজিরা শেষে তাকে ফের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ ফিরিয়ে নেওয়া হচ্ছিল। প্রিজনভ্যানটি গাজীপুরের নাওজোড় এলাকায় পৌঁছালে পিচ্চি রাজা প্রাকৃতিক কাজ সম্পন্নের জন্য শৌচাগারে যাওয়ার কথা বলে। পরে আনা-নেওয়ার দায়িত্বে থাকা পুলিশ সদস্য তাকে একটি শৌচাগারে নিয়ে যান। সেখানে সুযোগ পেয়ে কৌশলে পালিয়ে যায় রাজা। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, ঢাকার আদালতে হাজিরা শেষে পিচ্চি রাজাকে কাশিমপুর কারাগারে ফিরিয়ে আনা হচ্ছিল। পথে নাওজোড় এলাকায় প্রাকৃতিক কাজ সারার কথা বলে সে শৌচাগারে যায়। সেখান থেকেই পালিয়ে গেছে। প্রসঙ্গত, চলতি বছরের ১৯ মে মোহাম্মদপুর এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত রাজা ওরফে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়। পিচ্চি রাজা, তার স্ত্রী ও শ্যালক নেপাল থেকে দেশে ফেরার খবরে পুলিশ বিমানবন্দরে অবস্থান নেয়। পরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাদের হেফাজতে নেওয়া হয়।পিচ্চি রাজার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ ২৫টির মতো মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.