গাজীপুরে কাভার্ড ভ্যানচাপায় শিশুশিক্ষার্থীর মৃত্যু

গাজীপুরে কাভার্ড ভ্যানচাপায় শিশুশিক্ষার্থীর মৃত্যু

জনি হাসান নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের শ্রীপুরে কাভার্ড ভ্যানচাপায় তানভীর ইসলাম আরিয়ান ৮ নামে এক শিশুশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার ১৯ এপ্রিল দুপুরে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড গ্রামের আনসার রোড এলাকায় কেওয়া পূর্বখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানভীর ইসলাম আরিয়ান দিনাজপুর জেলার কোতোয়ালি থানার বালুবাড়ি এলাকার পোশাককর্মী সজল ইসলামের ছেলে। সে স্থানীয় কেওয়া পূর্বখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে স্কুলে যাওয়ার পর ছুটি শেষে রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছিল আরিয়ান। এ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী কাভার্ড ভ্যান হঠাৎ পেছনের দিকে ব্যাক নেওয়া হলে পাশে থাকা একটি সিমেন্টের সীমানা পিলারের সঙ্গে চাপা পড়ে যায় সে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের বাবা সজল ইসলাম বলেন, আমার ছেলে স্কুল শেষে রাস্তা পার হতে দাঁড়িয়ে ছিল। হঠাৎ একটি কাভার্ড ভ্যান পেছনে আসতে গিয়ে তাকে চাপা দেয়। আমি আমার সন্তানকে আর ফিরে পাব না।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান জানান, আরিয়ান স্কুল ছুটির পর রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। কাভার্ড ভ্যানটি ঘোরানোর সময় পেছনে নিতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে।

শ্রীপুর থানার পরিদর্শক অপারেশন সঞ্জয় সাহা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দোষী চালকের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.