15447

কোনাবাড়িতে বালতির পানিতে পড়ে আড়াই বছরের শিশুর মৃত্যু


নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর


গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানাধীন আমবাগ মিতালী ক্লাব এলাকায় বালতি পানিতে পড়ে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ঘটে যাওয়া এই ঘটনায়।এলাকায় শোকের ছায়া নেমেছে। নিহত শিশুটির নাম ইমা।
স্থানীয় সূত্রে জানা যায়, ইমার বাবা মোহাম্মদ ইসলাম পেশায় একজন রাজমিস্ত্রি এবং মা গৃহিণী। তাদের বাড়ি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার আলীর পাড়া গ্রামে। জীবিকার প্রয়োজনে তারা গাজীপুরের কোনাবাড়ী এলাকার আমবাগ মিতালী ক্লাব এলাকায় আব্দুস সামাদের বাড়িতে ভাড়া থাকতেন।


ঘটনার সময় শিশুটির বাবা-মা উভয়েই বাসার ভেতরে ঘুমিয়ে ছিলেন। এ সুযোগে ইমা খেলতে খেলতে একসময় গোসলখানায় ঢুকে পড়ে। সেখানে রাখা অর্ধেক পানিভর্তি একটি বালতির মধ্যে অসাবধানতাবশত উল্টোভাবে (পা ওপরের দিকে ও মাথা নিচের দিকে) পড়ে যায় সে। দীর্ঘ সময় পানির মধ্যে ডুবে থাকার কারণে শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। প্রতিবেশীরা জানান, এমন দুর্ঘটনা বেদনাদায়ক এবং শিশুদের ক্ষেত্রে সামান্য অসতর্কতাও বড় ধরনের বিপদের কারণ হতে পারে। তারা এ ধরনের দুর্ঘটনা এড়াতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
কোনাবাড়ী থানার ওসি মো. ইফতেখার হোসেন জানান, ঘটনাটি দুঃখজনক। পুলিশের টিম পাঠিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published.