গাজীপুরে গার্মেন্টস শ্রমিকের বস্তা বন্দি লাশ উদ্ধার

গাজীপুরে গার্মেন্টস শ্রমিকের বস্তা বন্দি লাশ উদ্ধার

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর


গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানাধীন বাইমাইল সাইনবোর্ড এলাকা থেকে মমতাজ আক্তার (২৩) নামে এক গার্মেন্টসকর্মীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে কোনাবাড়ী থানা পুলিশ। রোববার (৪ মে) দিবাগত রাত সাড়ে ১২টার সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ফাইজার গার্মেন্টসের বিপরীত পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ হামিদুল ইসলাম। তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।


মৃত মমতাজ আক্তার কুড়িগ্রাম জেলার রৌমারী থানার কাইজার গ্রামের আয়নাল হকের মেয়ে। তিনি স্বামী আনোয়ার হোসেনের সঙ্গে কোনাবাড়ী থানাধীন বাইমাইল মকছেদের বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তাঁর স্বামী আনোয়ার হোসেন ট্রাকের হেলপার হিসেবে কাজ করতেন।


পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার (৪ মে) রাত সাড়ে ১২টার সময় ওই গার্মেন্টসকর্মীর স্বামী আনোয়ার হোসেন বস্তায় করে কিছু একটা নিয়ে যাচ্ছিলেন। তখন স্থানীয়দের সন্দেহ হয়। তাঁকে জিজ্ঞেস করা হয় বস্তায় কী? তখন তিনি বস্তা রেখে দৌড়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ হামিদুল ইসলাম জানান, নিহতের পরিবারের সদস্যরা এসেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.