সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক শেখ রাজিব হাসানের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক শেখ রাজিব হাসানের মৃত্যু

মোঃ রাকিব হাসান

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আনন্দ টেলিভিশনের গাজীপুর মহানগর প্রতিনিধি ও ‘টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থা’র সাধারণ সম্পাদক শেখ রাজিব হাসান।

শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন সাংবাদিক শেখ রাজিব হাসান। দুর্ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি বাবা-মা, স্ত্রী, ছয় সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার-পরিজন, সহকর্মী ও স্বজনদের মাঝে নেমে এসেছে গভীর শোক ও শোকের মাতম।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, শনিবার বাদ আসর টঙ্গীর এরশাদ নগর টেকবাড়ী আদ-দ্বীন মসজিদ প্রাঙ্গণে (নবীন কুঁড়ি স্কুলের পাশে) শেখ রাজিব হাসানের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।

শেখ রাজিব হাসানের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে টঙ্গী ও গাজীপুরের সাংবাদিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার সহকর্মী, স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে বিরাজ করছে শোক ও স্তব্ধতা। একজন সংবাদকর্মী ও সমাজসেবী হিসেবে তার অবদান স্মরণ করে বিভিন্ন সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

তারা মরহুম শেখ রাজিব হাসানের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার শক্তি দান করার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা জানান।

Leave a Reply

Your email address will not be published.