কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনা: মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী স্যানিটারি ইন্সপেক্টরের মর্মান্তিক মৃত্যু

মাহমুদুল হাসান চন্দন:

‎কুষ্টিয়ার ভেড়ামারায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোছাঃ রেবেকা খাতুন (৫৪) নামে এক সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন।১২ সেপ্টেম্বর বিকেলে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের লেক ভিউ হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

‎স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রেবেকা খাতুন তার স্বামীর সাথে মোটরসাইকেলযোগে কুষ্টিয়া-পাবনা মহাসড়ক হয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে ভেড়ামারা থানাধীন লেক ভিউ হোটেলের সামনে পৌঁছালে তিনি আচমকা মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে মহাসড়কের ওপর পড়ে যান। এতে তিনি মাথায় ও শরীরে গুরুতর আঘাত পান।

‎দুর্ঘটনার পর পরই স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত রেবেকা খাতুনের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায়। তার এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন এবং সহকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

‎ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মহাসড়কে মোটরসাইকেল চালানোর সময় চালক ও আরোহী উভয়েরই হেলমেট পরিধানসহ অতিরিক্ত সতর্ক থাকা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published.