পদ্মায় নৌকাডুবি: নিখোঁজের ৩৬ ঘণ্টা পর ছাত্রদল নেতা রকির মরদেহ উদ্ধার

পদ্মায় নৌকাডুবি: নিখোঁজের ৩৬ ঘণ্টা পর ছাত্রদল নেতা রকির মরদেহ উদ্ধার

মাহমুদুল হাসান চন্দন:

‎কুষ্টিয়া ভেড়ামারায় পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে নৌকা দুর্ঘটনার ৩৬ ঘণ্টা পর ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকির (৩২) মরদেহ উদ্ধার করা হয়েছে।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঈশ্বরদীর চরকুড়লিয়া আকাতের ঘাট এলাকায় পদ্মার শাখা নদী থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।

‎নিহত রকি ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব এবং ওই এলাকার মো. শরিফুল ইসলামের ছেলে।

‎নৌ-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে কুষ্টিয়া থেকে শতাধিক যাত্রী নিয়ে একটি নৌকা ভ্রমণ শেষে ফেরার পথে পাকশী হার্ডিঞ্জ ব্রিজের ৫ নম্বর পিলারের সঙ্গে প্রচণ্ড ধাক্কা খায়। ধাক্কায় রকি নৌকা থেকে ছিটকে পদ্মা নদীতে তলিয়ে যান। ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা নদী থেকে মো. লিটন (৩৮) ও মো. ওয়াহাব (৪৫) নামের দুই যাত্রীকে জীবিত উদ্ধার করতে পারলেও রকি নিখোঁজ থাকেন।

‎রবিবার সকালে আকাতের ঘাট এলাকায় নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে এবং রকির স্বজনরা এসে তাঁর পরিচয় নিশ্চিত করেন।

‎ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) খন্দকার শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published.