18983

ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশু সহ ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) আগুন লাগার ঘটনায় আতঙ্কে দ্রুত সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পদদলিত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালের নতুন ভবনের আটতলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন—হাজেরা বেগম (৫০), শাহজাহান (৪০), রমজান (৩৮), জাহানারা (৫০) ও কুলসুমা (৩৫)। এছাড়া অজ্ঞাতপরিচয় এক শিশুও নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

হাসপাতাল সূত্রে জানা যায়, নতুন ভবনের আটতলায় আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ সময় অনেকে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করেন। হুড়োহুড়ির মধ্যে পদদলিত হয়ে পাঁচজন প্রাপ্তবয়স্ক ও এক শিশু গুরুতর আহত হন। পরে তাদের মৃত্যু হয়।

আগুনের খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের পাঁচটি স্টেশনের ১০টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণে এলে অতিরিক্ত ইউনিটগুলো সরিয়ে নেওয়া হয়। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চারটি ইউনিট ঘটনাস্থলে রাখা হয়েছে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাসপাতালের নতুন আটতলা ভবনের লিফটের কন্ট্রোল রুমে থাকা কন্ট্রোলার মেশিনের সঙ্গে যুক্ত বোর্ডে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে অতিরিক্ত উত্তাপ সৃষ্টি হয়ে আগুনের সূত্রপাত হয়।

তিনি বলেন, কন্ট্রোল রুমে আগুন লাগার পর ভবনের বিভিন্ন তলায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। আগুনের পরিমাণ বড় না হলেও ধোঁয়ার কারণে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তবে আগুনের প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

ঘটনার পর হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিহতদের পরিচয় ও ঘটনার বিস্তারিত বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে পরবর্তী সময়ে আরও তথ্য জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published.