‎ভেড়ামারায় ত্রিমুখী সংঘর্ষে সিএনজি যাত্রী নিহত, আহত ৪

‎ভেড়ামারায় ত্রিমুখী সংঘর্ষে সিএনজি যাত্রী নিহত, আহত ৪

মাহমুদুল হাসান চন্দন


‎কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেল, সিএনজি ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে মো: রাশেদুল (৫০) নামে এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

‎১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টা ১০ মিনিটের দিকে ভেড়ামারা থানাধীন ১২ মাইল মোড় সংলগ্ন কুষ্টিয়া-পাবনা মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
‎নিহত মো: রাশেদুল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নতুন আমদহ গ্রামের মৃত জোয়াদ মন্ডলের ছেলে।

‎প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে কুষ্টিয়াভিমুখী একটি যাত্রীবাহী সিএনজি সাথে বিপরীতমুখী ট্রাক ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজন যাত্রী গুরুতর আহত হন।

‎স্থানীয় বাসিন্দা ও হাইওয়ে পুলিশের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে ভেড়ামারার ১৬ দাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মো: রাশেদুলকে মৃত ঘোষণা করেন। আহত বাকি চারজন যাত্রী বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

‎চৌড়হাস হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে কুষ্টিয়া-পাবনা মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। হাইওয়ে পুলিশ এই ঘটনার তদন্ত করছে এবং থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published.