গাজীপুরের কোনাবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

গাজীপুরের কোনাবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি


গাজীপুরের কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় সানজিদা আক্তার (২৩) নামে এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সানজিদা আক্তার বরিশালের কোতোয়ালি থানার উলারবাটনা গ্রামের শাহজাহানের মেয়ে। তার স্বামী জুয়েল রানা ওমানে প্রবাসী। গত তিন বছর ধরে সানজিদা আক্তার কোনাবাড়ীর আমবাগ এলাকায় আতাউর সরকারের বাড়িতে ভাড়া থাকতেন। নিহতের ভাবী সাথী বেগম জানান, রোববার সকাল ১১টার দিকে এক ব্যক্তি বাসায় এসে সানজিদার ছোট ভাই সাজ্জাদের খোঁজ করেন। তাকে না পেয়ে ওই ব্যক্তি চাকু দিয়ে সানজিদাকে আঘাত করে দ্রুত পালিয়ে যান।নিহতের ছোট বোন সুরভী আক্তার জানান, এর আগে তাদের পাশের কক্ষে রাজু নামে এক যুবক ভাড়া থাকতেন। তিনি প্রায়ই তার বোনের সঙ্গে ফোনে কথা বলতেন। সুরভীর দাবি, শনিবার রাতেও রাজু তাদের বাসায় এসেছিলেন। রোববার হঠাৎ এসে তার বোনকে চাকু দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। পাশাপাশি জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published.