দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী,ঘর থেকে উদ্ধার গলিত মরদেহ

দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী,ঘর থেকে উদ্ধার গলিত মরদেহ

মোহাম্মদ তাজুল ইসলাম, ​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি


গাজীপুরের শ্রীপুরে তালাবদ্ধ এক ভাড়া ঘর থেকে আশিক শেখ (২৬) নামের এক টাইলস মিস্ত্রির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর (জঙ্গলপাড়া) গ্রামের ফজলুল হকের বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

​নিহত আশিক শেখ ময়মনসিংহের ভালুকা উপজেলার খাওরাইল গ্রামের আব্দুল কাদিরের ছেলে। তিনি স্ত্রী ও এক সন্তানকে নিয়ে ফজলুল হকের বাড়িতে ভাড়া থেকে এলাকায় টাইলস মিস্ত্রির কাজ করতেন।

​স্থানীয় ও বাড়িওয়ালা সূত্রে জানা যায়, দুর্গাপূজার ছুটিতে বাড়ির অন্য বাসিন্দারা অনেকেই বাইরে ছিলেন। আশিকের ঘরটিও গত কয়েকদিন ধরে তালাবদ্ধ ছিল। সবাই ভেবেছিলেন তিনি পরিবারসহ বাড়ি গিয়েছেন। তবে বৃহস্পতিবার সকাল থেকে বাড়িজুড়ে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়তে থাকে। দুপুরের দিকে দুর্গন্ধ অসহনীয় হয়ে উঠলে খোঁজাখুঁজির একপর্যায়ে তালাবদ্ধ কক্ষের জানালায় উঁকি দিয়ে আশিকের গলিত মরদেহ দেখতে পান প্রতিবেশীরা। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

​নিহতের বাবা আব্দুল কাদির জানান, আশিকের পাঁচ বছরের একটি সন্তান রয়েছে। কয়েকদিন আগে পারিবারিক কলহের জেরে তার স্ত্রী সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যান। পাঁচ দিন আগে ছেলের সাথে তার শেষ কথা হয়েছিল।

​শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) উবায়দুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এটি হত্যা না কি আত্মহত্যা, তা নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published.