
আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের জামগুড়ি এলাকায় এক প্রবাসীর পরিবারকে ঘিরে অপপ্রচার ও মব (উচ্ছৃঙ্খল জনতা) সৃষ্টি করে আতিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে।
গতকাল রাত আনুমানিক ১১টার দিকে জামগুড়ির ট্যাক এলাকায় প্রবাসী নুরুল ইসলামের পরিবারকে কেন্দ্র করে এ উত্তেজনার সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে কয়েকজন লোক জড়ো হয়ে মব সৃষ্টি করে আতিকুল ইসলামকে মারধর করে। এ ঘটনায় জড়িত হিসেবে স্থানীয় কমোর উদ্দিনের ছেলে আরিফ শাকিল, আরমান, হান্নান মিয়া, রায়হান ও ফরিদের নাম উঠে এসেছে।
অনুসন্ধানে জানা গেছে, মোটরসাইকেল সংক্রান্ত একটি বিরোধ এবং কিছুদিন আগে মাদক নিয়ে আতিকুল ইসলামের দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে প্রতিপক্ষ গ্রুপের সাথে পূর্ব থেকেই দ্বন্দ্ব চলছিল। স্থানীয়দের দাবি, ওই পূর্ব শত্রুতার ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করতে প্রবাসী নুরুল ইসলামের স্ত্রী ফরিদাকে জড়িয়ে বিভিন্ন মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ ছড়ানো হয়। মূলত একজন প্রবাসীর পরিবারের সম্মান ক্ষুণ্ন করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অপপ্রচার চালানো হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা। তারা অবিলম্বে এ ধরনের মিথ্যা তথ্য ছড়ানো বন্ধের দাবি জানান।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
তবে এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Leave a Reply