
মোঃ নাসির উদ্দিন, গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি, দুইটি প্রাইভেটকার ও একটি আইফোনসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার রাতে মহানগরীর সদর থানাধীন ভাওরাইদ চৌরাস্তা সংলগ্ন পোড়াবাড়ি র্যাব ক্যাম্পমুখী সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে সন্দেহজনক দুইটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে অবৈধ অস্ত্রসহ মো. মাহাবুব হাসান বাদশা নামে এক যুবককে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মাহাবুব হাসান বাদশার বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিমখন্ড এলাকায়।
অভিযানকালে তার কাছ থেকে দুইটি অত্যাধুনিক বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পাশাপাশি ব্যবহৃত দুইটি প্রাইভেটকার ও একটি আইফোন জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের উৎস ও এর সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply