ভেড়ামারায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ভেড়ামারায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মাহমুদুল হাসান চন্দন

‎কুষ্টিয়ার ভেড়ামারায় খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের বীজ ও সার বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে।

‎০৯ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ২০২৫-২৬ অর্থ বছরের এই প্রণোদনা সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

‎উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার মোট ৪ হাজার ৬৯০ জন তালিকাভুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এই সরকারি প্রণোদনার সুবিধা পাচ্ছেন। কৃষকদের কৃষি উৎপাদনে উৎসাহিত করতে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই সরকারের এই বিশেষ উদ্যোগ।

‎এবারের প্রণোদনা কর্মসূচীর আওতায় ফসলের ধরন অনুযায়ী কৃষকদের মাঝে অত্যন্ত সুশৃঙ্খলভাবে বীজ, রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের জন্য ৬৫০ জন কৃষককে জনপ্রতি ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার, প্রয়োজনীয় বালাইনাশক ও পলিথিন দেওয়া হয়। এছাড়া শীতকালীন পেঁয়াজের জন্য ১,৬০০ জন কৃষককে বীজ, ২০ কেজি ডিএপি, ২০ কেজি এমওপি সার ও সংরক্ষণ সামগ্রী প্রদান করা হয়।

‎উচ্চমূল্যের ফসল চাষে সহায়তার অংশ হিসেবে ৩০০ জন কৃষককে ১০ গ্রাম করে হাইব্রিড মরিচের বীজ ও সার এবং ৯৪০ জন কৃষককে ৭ প্রকারের শাক-সবজির বীজ ও সার দেওয়া হয়। অন্যদিকে, প্রধান খাদ্যশস্য উৎপাদন বাড়াতে ৯৫০ জন কৃষককে ৫ কেজি করে উফশী আমন ধানের বীজ ও সার এবং ২৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত জাতের লেবুর চারা (জনপ্রতি ৫টি) ও জৈব সার বিতরণ করা হয়।

‎উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকের দোরগোড়ায় সঠিক সময়ে বীজ ও সার পৌঁছে দেওয়ার কারণেই দেশে আজ ফসলের বাম্পার ফলন হচ্ছে। এই প্রণোদনা ভেড়ামারার পেঁয়াজ, মরিচ ও আমন ধানের উৎপাদন বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রাখবে।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আমিরুল আরাফাত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ডা. গাজী আশিক বাহার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা নাজবিন নাহার সহ কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শত শত সুবিধাভোগী কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। বিনামূল্যে সরকারি এই সহায়তা পেয়ে এলাকার কৃষকদের মাঝে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published.