
কয়রা (খুলনা) প্রতিনিধি
জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সক্ষমতা বৃদ্ধি ও কার্যকর প্রস্তুতি নিশ্চিত করতে খুলনার কয়রায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ও রবিবার (২২-২৩ আগস্ট) সকাল ১০টায় উপজেলা মানবকল্যাণ ইউনিটের সভাকক্ষে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় টেকসই সমাধান নিশ্চিতকরণে উত্তরণের অ্যাকসেস প্রকল্পের সহযোগিতায় প্রশিক্ষণের আয়োজন করা হয়।প্রশিক্ষণে দুর্যোগের ঝুঁকি চিহ্নিতকরণ, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ, জরুরি সাড়া প্রদান এবং দুর্যোগ-পরবর্তী পুনর্বাসনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। একই সঙ্গে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দায়িত্ব ও দুর্যোগকালে কার্যকর ভূমিকা পালনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন উত্তরণের টেকনিক্যাল অফিসার মো. নিজামুল ইসলাম এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনার মো. সাকিবুল হাসান, উত্তরণের ফিল্ড অফিসার মেহেদী হাসান টিটু।প্রশিক্ষণে স্থানীয় জনপ্রতিনিধি ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় ইউপি সদস্য আবু সাঈদ, ইউডিএমসি সদস্য ফরহাদ হোসেন, আশিকুজ্জামানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে বক্তারা বলেন, উপকূলীয় কয়রায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও জলবায়ু পরিবর্তনজনিত বিভিন্ন ঝুঁকি মোকাবিলায় স্থানীয় পর্যায়ে দক্ষ ও সক্রিয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে কমিটির সদস্যরা দুর্যোগের আগে প্রস্তুতি, দুর্যোগকালীন সাড়া এবং পরবর্তী সময়ে ক্ষয়ক্ষতি মোকাবিলায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

Leave a Reply