কাপাসিয়ায় অটোরিকশাচালক হত্যার রহস্য উদ্ঘাটন করলো পিবিআই গাজীপুর আটক ২

কাপাসিয়ায় অটোরিকশাচালক হত্যার রহস্য উদ্ঘাটন করলো পিবিআই গাজীপুর আটক ২

নজমুল হক, গাজীপুর


গাজীপুরের কাপাসিয়ায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক আতাউর রহমান আতা মিয়াকে নৃশংসভাবে হত্যার ঘটনা এবং সন্তানের মৃত্যুর শোকে বৃদ্ধা মায়ের মৃত্যুর মর্মান্তিক জোড়া মৃত্যুর চাঞ্চল্যকর রহস্য মাত্র ২৪ ঘণ্টার মধ্যে উদ্ঘাটন করেছে গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করার পাশাপাশি নরসিংদী থেকে ছিনতাইকৃত অটোরিকশা, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে। চোরাই মালামাল জেনেও অটোরিকশাটি কিনে নেওয়ার অপরাধে আরও এক দোকানদারকে গ্রেপ্তার করেছে পিবিআই।রোববার পিবিআই গাজীপুর জেলা কার্যালয় থেকে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়।


পিবিআই গাজীপুর জেলার পুলিশ সুপার মোঃ রকিবুল আকতারের নিবিড় তত্ত্বাবধানে এই ছায়াতদন্ত ও অভিযান পরিচালিত হয়।মামলার বিবরণ ও পিবিআই সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট বিকেলে কাপাসিয়ার সনমানিয়া মির্জানগর এলাকার কৃষক ও ব্যাটারিচালিত অটোরিকশাচালক আতাউর রহমান (৬০) জীবিকা নির্বাহের জন্য নিজের ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। ওই দিন রাত ৮টার দিকে সনমানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁও মির্জানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে একটি নির্জন কলাবাগানের সামনে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে নৃশংসভাবে হত্যা করে অটোরিকশা ও তার একটি বাটন মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এদিকে একমাত্র সন্তানের এই মর্মান্তিক হত্যাকাণ্ডের খবর শোনার পর শোকে ও মানসিক আঘাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন নিহতের ৭৫ বছর বয়সি বৃদ্ধা মা জহুরা খাতুন। একই দিনে মা ও ছেলের মৃত্যুর এই হৃদয়বিদারক ঘটনা পুরো গাজীপুর জেলায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি করে। পরবর্তীতে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কাপাসিয়া থানায় একটি দস্যুতাসহ হত্যা মামলা দায়ের করা হয় এবং পরে চাঞ্চল্যকর মামলাটির ছায়াতদন্ত ও তদন্তভার গ্রহণ করে পিবিআই গাজীপুর।
আধুনিক আইসিটি, ডিজিটাল ফরেনসিক এবং গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ আগস্ট রাতে কাপাসিয়ার চালার বাজার ও নরোত্তমপুর এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত দুই মূল আসামিকে গ্রেপ্তার করে পিবিআই। গ্রেপ্তারকৃতরা হলেন—রাজীব খান (২৯), পিতা-রাজ্জাক খান, সাং-ঘাগটিয়া চালার বাজার এবং নকিবুল হাসান রাকিব (২৪), পিতা-নাসির উদ্দীন, সাং-মির্জানগর, উভয় থানা-কাপাসিয়া, জেলা-গাজীপুর।


পরবর্তীতে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে নরসিংদী জেলার মনোহরদী থানাধীন হাতিরদিয়া বাসস্ট্যান্ডে অবস্থিত ‘আল-মদিনা এন্টারপ্রাইজ’ নামক একটি দোকানে অভিযান চালিয়ে ছিনতাইকৃত অটোরিকশাটি উদ্ধার করা হয়। চোরাই মালামাল জেনেও সেটি ক্রয় ও হেফাজতে রাখার অভিযোগে ওই দোকানের মালিক মো. কিবরিয়া (৪২)-কে গ্রেপ্তার করা হয়। এছাড়া আসামিদের কাছ থেকে অটোরিকশা বিক্রির নগদ ২২ হাজার টাকা এবং হত্যাকাণ্ডে সরাসরি ব্যবহৃত লোহার রড, হাতুড়ি ও রশি উদ্ধারপূর্বক জব্দ করা হয়। আদালতে সোপর্দ করা হলে গ্রেপ্তারকৃত আসামি রাজীব খান ও নকিবুল হাসান স্বেচ্ছায় নিজেদের অপরাধ স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। জবানবন্দিতে তারা জানান, ঋণের দায়ে জর্জরিত হয়ে তারা অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করেছিলেন। চালক আতাউর রহমান আসামি নকিবুলের দূরসম্পর্কের আত্মীয় হওয়ায় তাকে খুব সহজেই ফাঁদে ফেলা সম্ভব হবে ভেবে তারা তাকে টার্গেট করেন। ঘটনার দিন বিকেলে ফোন করে আতাউর রহমানকে নির্জন এলাকায় ডেকে নিয়ে দড়ি দিয়ে গলা চেপে ধরে এবং রড ও হাতুড়ি দিয়ে মাথায় উপর্যুপরি মারাত্মক আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করেন। হত্যাকাণ্ড শেষে তারা অটোরিকশাটি নরসিংদীর হাতিরদিয়ায় নিয়ে ধোয়ামোছা করেন এবং কিবরিয়ার নিকট মাত্র ৪২ হাজার টাকায় তা বিক্রি করে সেই টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেন।


এ বিষয়ে পিবিআইয়ের গাজীপুর পুলিশ সুপার মো. রকিবুল আকতার বলেন, একজন নিরীহ অটোরিকশাচালক এবং তার শোকে মায়ের মৃত্যুর এই হৃদয়বিদারক ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। অপরাধীরা ভেবেছিল নির্জন স্থানে ক্লুলেস অপরাধ ঘটিয়ে সহজেই পার পেয়ে যাবে; কিন্তু পিবিআইর পেশাদারিত্ব ও আধুনিক প্রযুক্তির দক্ষ ব্যবহারের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যেই চাঞ্চল্যকর এই জোড়া মৃত্যুর নেপথ্যে থাকা মূল আসামিদের গ্রেপ্তার ও আলামত উদ্ধার করা সম্ভব হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তাও গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে আদালতে চার্জশিট দাখিল করা হবে ।

Leave a Reply

Your email address will not be published.