
নজমুল হক, গাজীপুর
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। এক শুভেচ্ছা বার্তায় ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. মোঃ আব্দুল মজিদ মন্ডল ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ আবু তালেব বলেন, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের রাজনীতিতে বিএনপির দীর্ঘ পথচলা দেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে নানা প্রতিকূলতা, রাজনৈতিক সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলা করে বিএনপি দেশের মানুষের অধিকার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সঙ্গে সম্পৃক্ত থেকেছে। দলের নেতাকর্মীরা বিভিন্ন সময়ে ত্যাগ ও সাহসের পরিচয় দিয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনেও অসংখ্য নেতাকর্মী নির্যাতন, মামলা ও নানা প্রতিকূলতার শিকার হয়েছেন।
বাউবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের মতামত, ভোটাধিকার, আইনের শাসন ও মতপ্রকাশের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব মূল্যবোধ সমুন্নত রাখার মধ্য দিয়েই একটি কল্যাণমুখী ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তারা আরও বলেন, বর্তমান প্রজন্মের সামনে একটি সমৃদ্ধ, আধুনিক ও মানবিক বাংলাদেশ গড়ার বড় সুযোগ রয়েছে। শিক্ষা, গবেষণা, কর্মসংস্থান, কৃষি, শিল্প ও প্রযুক্তির উন্নয়নের পাশাপাশি রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করা জরুরি। ফোরামের নেতৃবৃন্দ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের চেয়ারম্যান, মহাসচিব, কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের সব নেতাকর্মী এবং দেশ-বিদেশের সমর্থকদের শুভেচ্ছা জানান। তারা দলের প্রতিষ্ঠার মূল চেতনা ধারণ করে গণতন্ত্র, জনগণের অধিকার, জাতীয় স্বার্থ ও শিক্ষার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। তারা আশা প্রকাশ করেন, পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার পথ আরও সুদৃঢ় হবে।

Leave a Reply