
গাইবান্ধা প্রতিনিধি: মোঃ শিমুল মিয়া
গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সরকারি বৃত্তিপ্রাপ্ত পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সংবর্ধনা ও কেজি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ১০ নম্বর ঘাগোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নুর আলম সিদ্দিক পিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ১ নম্বর ওয়ার্ড সভাপতি মো. মোতাহার আনোয়ার রিমন এবং খোলাহাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মিদুল।
এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার শামীম পরামানিক বাদল ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মো. আতিকুর রহমান সাজু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারিয়াপুর আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ তপন কুমার সম্ভু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইডিয়াল প্রি ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক আব্দুর রউফ সরকার।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ড শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে সরকারি বৃত্তিপ্রাপ্ত পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সংবর্ধনা এবং কেজি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
সবশেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply