
এস এম জহিরুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলায় চুরি-ছিনতাই বেড়ে যাওয়ার অভিযোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন এলাকাবাসী। মাদকের বিস্তার এবং মাদকাসক্তদের কারণে এসব অপরাধ বাড়ছে বলে অভিযোগ করেছেন বিক্ষোভকারীরা। একই সঙ্গে মাদক নির্মূল ও চুরি-ছিনতাই বন্ধে পুলিশের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
শুক্রবার জুমার নামাজের পর শ্রীপুর থানা মোড়, বাঘমারা, হলারটেক, নতুন পটকাসহ আশপাশের কয়েকটি এলাকার বাসিন্দারা শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়কে বিক্ষোভ মিছিল করেন। পরে থানা মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। বিশেষ করে রাতের বেলায় বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও নির্মাণাধীন স্থাপনা থেকে চুরির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। মাদকের বিস্তার বন্ধ করা না গেলে এ ধরনের অপরাধ আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।
মানববন্ধনে মাসুদ রানা বলেন, “আমাদের এলাকায় চুরি-ছিনতাই বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। মাদকাসক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি রাতের বেলায় পুলিশের টহল জোরদার করতে হবে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে।”
আইয়ুব আলী বলেন, “আগে এলাকায় মানুষ অনেকটা নিরাপদে চলাফেরা করতে পারতেন। এখন চুরি-ছিনতাই নিয়ে সবাই উদ্বিগ্ন। মাদকের কারণে অপরাধ বাড়ছে বলে আমরা মনে করি। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হলে চুরি-ছিনতাই অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।”
মাওলানা আনোয়ার হোসেন বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পরিবার ও সমাজের সবাইকে সচেতন হতে হবে। আমাদের সন্তানদের নিরাপদ রাখতে মাদক নির্মূল এবং অপরাধ দমনে প্রশাসনের সঙ্গে এলাকাবাসীকেও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
এদিকে উপজেলার ছাতিরবাজারে জহিরুল ইসলাম জজ নামের এক মুদি ব্যবসায়ীর দোকানে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা দোকানের সিলিং কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও মালামালসহ প্রায় সাড়ে তিন লাখ টাকার জিনিসপত্র নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন দোকান মালিক। এ ঘটনায় তিনি শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
এছাড়া শ্রীপুর থানার পাশে সাংবাদিক মুনসুরুল ইসলাম মাসুমের অফিসের বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এর দুই দিন আগে সাংবাদিক রায়হানুল ইসলাম আকন্দের ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় নগদ দেড় লাখ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে সাংবাদিক আরিফ মন্ডলের নির্মাণাধীন বাড়ি থেকেও চুরির অভিযোগ উঠেছে। পরপর এসব ঘটনায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়দের দাবি, চুরি-ছিনতাই বন্ধে পুলিশের টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি মাদকবিরোধী অভিযান জোরদার করতে হবে। একই সঙ্গে চুরি-ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর আলম বলেন, পুলিশের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে, নিয়মিত অভিযান চালানো হচ্ছে। শীঘ্রই চোর চক্রের সদস্যের গ্রেফতার করা হবে। এছাড়াও মাদক নির্মূলে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন।
এস এম জহিরুল ইসলাম
শ্রীপুর, গাজীপুর
01611182024

Leave a Reply