
গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে স্মার্ট সাদা ছড়ি বিতরণের মধ্যে দিয়ে বিশ্ব সাদা ছড়ি দিবস পালিত হয়েছে।এবারের দিবসের মূল প্রতিপাদ্য ছিল— “দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন”।
গাজীপুর জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করে।সকালে গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সামনে থেকে প্রধান অতিথির নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাজসেবা কার্যালয়ে শেষ হয়। এতে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি, সমাজসেবা কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।শোভাযাত্রা শেষে জেলা সমাজসেবা কার্যালয়ের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) মো: আহমেদ হোসেন ভূঁইয়া।আলোচনা সভায় বক্তারা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, সাদা ছড়ি কেবল চলাচলের একটি সহায়ক উপকরণ নয়; এটি দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরতা, আত্মবিশ্বাস, স্বাধীনতা ও মর্যাদার প্রতীক।
বক্তারা উল্লেখ করেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদে চলাচল করা, শিক্ষা গ্রহণ, কর্মসংস্থানে অংশগ্রহণ এবং স্বাধীনভাবে জীবনযাপন করা কোনো দয়া বা অনুগ্রহ নয়, বরং এগুলো তাদের মৌলিক অধিকার।অনুষ্ঠানে উপস্থাপিত বক্তব্য ও আলোচনায় বলা হয়, দৃষ্টিপ্রতিবন্ধী কোনো ব্যক্তির মেধা, যোগ্যতা কিংবা স্বপ্নের সীমা নির্ধারিত থাকে না। অনেক সময় শারীরিক প্রতিবন্ধকতার চেয়ে সমাজের অবহেলা, অসচেতনতা ও নেতিবাচক দৃষ্টিভঙ্গিই তাদের স্বাবলম্বী হওয়া ও অংশগ্রহণের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। একটি সাদা ছড়ি চলার পথকে সহজ করতে পারে, তবে সেই পথকে নিরাপদ করা সমাজের সবার নৈতিক দায়িত্ব। তাই বৈষম্যহীন, বাধাহীনও নিরাপদ প্রবেশগম্য পরিবেশ তৈরি করে সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কোনাবাড়ি কিশোরী উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক এ টি এম তোহিদ উজ্জামান, দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের সহকারী পরিচালক মো: বোরহানউদ্দীন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো: জিয়াউল ইসলাম, ‘আশার তরী’ প্রতিবন্ধী সংস্থার মো: সোলায়মান হোসেন, ব্র্যাক গাজীপুরের মোসা: সেলিনা আক্তারসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।

Leave a Reply