গাজীপুরে পুলিশের অভিযানে ১৫১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

গাজীপুরে পুলিশের অভিযানে ১৫১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

আলমগীর হোসেন সাগর স্টাফঃ রিপোটার :

গাজীপুরের কালীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১৫১ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ উজ্জল চন্দ্র মন্ডল (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নাগরী ইউনিয়নের বিরুয়া (নলছাটা) এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উলুখোলা পুলিশ ক্যাম্পের সদস্যরা নাগরী বাজার-নলছাটা সড়কসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করেন। পরে উজ্জল চন্দ্র মন্ডলকে আটক করা হয়।
পুলিশ জানায়, সাক্ষীদের উপস্থিতিতে তাঁর পরিহিত প্যান্টের বাঁ পকেট থেকে দুটি স্বচ্ছ সাদা এয়ারটাইট পলিপ্যাকে রাখা গোলাপি রঙের ১৫১ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ট্যাবলেটগুলোর ওজন ১৫ গ্রাম। এগুলোর আনুমানিক বাজারমূল্য ৪৫ হাজার ৩০০ টাকা।


গ্রেপ্তার উজ্জল চন্দ্র মন্ডল কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের সুজাপুর (পূর্বপাড়া) গ্রামের শংকর চন্দ্র মন্ডল ও গীতা রানী চন্দ্র মন্ডলের ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক)/৪১ ধারায় ১৩(১০)২৬ নম্বর মামলা করা হয়েছে।


কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাঁকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।তিনি আরও জানান, মাদকদ্রব্যের অবৈধ ক্রয়-বিক্রয় ও বিস্তার রোধে কালীগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠন ও জননিরাপত্তা নিশ্চিত করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published.