শ্রীপুরে গভীর রাতে আগুনে পুড়েছে মসজিদ, বেশ কয়েকটি দোকানপাট, ঝুট গুদাম, তুলা গুদামসহ ১৮ দোকান

শ্রীপুরে গভীর রাতে আগুনে পুড়েছে মসজিদ, বেশ কয়েকটি দোকানপাট, ঝুট গুদাম, তুলা গুদামসহ ১৮ দোকান

শামীম আল মামুন স্টাফ রিপোর্টার

গাজীপুরের শ্রীপুরে ভোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মসজিদ, বেশ কয়েকটি দোকানপাট, ঝুট গুদাম, তুলা গুদাম এবং ভাঙারিসহ ১৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের ২ নম্বর সিঅ্যান্ডবি বাজারে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ‘মায়ের দোয়া এন্টারপ্রাইজ হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি’ দোকানের মালিক রফিকুল ইসলাম জানান, “আমার দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আমি এখন প্রায় নিঃস্ব। আগুনে আমার প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।”

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শহিদুল ইসলাম ফালান ও আব্দুল জানান, ‘মুরগি বিক্রি করাই আমাদের জীবনিকা নির্বাহের একমাত্র উপায়। গতকাল সন্ধ্যায় খামারে থেকে নতুন মুরগি নামানো হয়েছিল। কিন্তু আজ ভোররাতেই হঠাৎ আগুন লেগে মুহূর্তের মধ্যে আমাদের সব মুরগি পুড়ে ছাই হয়ে যায়। এখন আমাদের পথে বসার উপক্রম হয়েছে।’

​শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম জানান, রাত ৩টা ৫৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের ভয়াবহতা দ্রুত বাড়তে থাকায় পরবর্তীতে শ্রীপুর ফায়ার স্টেশন থেকে আরও একটি এবং রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট যোগ দেয়। ফায়ার সার্ভিসের মোট ৪টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ভোর ৫টা ৪৮ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

​আগুনে একটি মসজিদ, স্যানিটারি দোকান, কয়েকটি মুরগির দোকান, ঝুট গুদাম, তুলা গুদাম এবং ভাঙারির দোকান পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতার কারণে বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে এবং প্রাথমিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

​ফায়ার সার্ভিস কর্মকর্তা আরও জানান, আগুন লাগার মূল কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত সাপেক্ষে পরবর্তীতে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published.