ভেড়ামারায় ৫ লাখ ৭৬ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

ভেড়ামারায় ৫ লাখ ৭৬ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

মাহমুদুল হাসান চন্দন

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। পরে জব্দ করা এসব জাল চরগোলাপনগরের ঢাকাপাড়ায় জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

‎রোববার (২৫ অক্টোবর) মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কুষ্টিয়া জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। এ সময় ভেড়ামারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদ হাসান এবং এসআরবি-১২ সিপিসি-১, কুষ্টিয়ার ডিএডি নকিব সাদেক আলী উপস্থিত ছিলেন।

‎অভিযানে পদ্মা নদী থেকে প্রাকৃতিক মৎস্যসম্পদ ধ্বংসকারী ১০৬টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৪ লাখ ২৬ হাজার টাকা। এ ছাড়া ৭ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৭৬ হাজার টাকা।

‎পরে জব্দ করা এসব নিষিদ্ধ জাল চরগোলাপনগরের ঢাকাপাড়ায় জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে এসআরবি কুষ্টিয়ার সদস্যবৃন্দ এবং উপজেলা মৎস্য অফিসের কর্মচারীরা সার্বিক সহযোগিতা করেন।

‎মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, মা ইলিশের প্রজনন সুরক্ষা এবং নদীর প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ করা অত্যন্ত জরুরি। এ ধরনের জাল ব্যবহারের ফলে ইলিশের পোনাসহ বিভিন্ন প্রজাতির ছোট-বড় মাছ নির্বিচারে ধরা পড়ে, যা জলজ জীববৈচিত্র্য ও মাছের বংশবিস্তারের জন্য হুমকিস্বরূপ।

‎

‎মৎস্যসম্পদ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এবং মা ইলিশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published.