
নজমুল হক গাজীপুর
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য গড়বে আগামী শুদ্ধতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১০ নভেম্বর সকাল ১১টায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুলের উদ্যোগে ‘সততা স্টোর ও কিশোর-কিশোরী ক্লাবের’ শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুলের ২০৪ নম্বর কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান। বক্তব্যে তিনি বলেন, “সততা স্টোর চালুর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই নৈতিকতা, সততা ও মূল্যবোধের চর্চা গড়ে উঠবে। পাশাপাশি কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রম তাদের মানসিক ও সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাইয়ুম খান সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি বাউবি’র কৃষি ও পল্লী উন্নয়ন স্কুলের ডিন অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম, বাউবি’র রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টি এম আহমেদ হুসেইন এবং স্কুল অব এডুকেশনের সহযোগী অধ্যাপক (শিক্ষা) জনাব মোঃ জহুরুল ইসলাম।
সততা স্টোরের মূল উদ্দেশ্য হচ্ছে; বিক্রেতাহীন কেনাকাটায় বিবেককে পাহারাদার হিসেবে বিবেচনা করে নিজের সততা নিজেই যাচাই করা, পণ্যের যথাযথ মূল্য পরিশোধ, সত্যবাদিতা, নৈতিকতা ও সৎকর্মের চর্চায় উদ্বুদ্ধ করা হচ্ছে। পাশাপাশি সততাকে শ্রেষ্ঠ পুঁজি, মনের প্রশান্তি ও জীবনের উন্নতির ভিত্তি হিসেবে তুলে ধরে আদর্শ মানুষ গঠন, সত্য প্রকাশে নির্ভীক থাকা এবং আল্লাহর প্রতি ভয় ও সৎ মানুষের সঙ্গ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। এ উদ্যোগের মূল লক্ষ্য মানুষের মধ্যে নৈতিক মূল্যবোধ, আত্মশুদ্ধি ও সততার চর্চা জোরদার করা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সততা স্টোর ও কিশোর-কিশোরী ক্লাবের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

Leave a Reply