কয়রায় উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সভা- আগামী তিন মাসের কর্মপরিকল্পনা গ্রহণ

কয়রায় উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সভা- আগামী তিন মাসের কর্মপরিকল্পনা গ্রহণ

কয়রা (খুলনা) প্রতিনিধি

খুলনার কয়রায় উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের প্রকল্প কার্যালয়ে সংস্থাটির সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ফোরামের সহসভাপতি খাদিজা সুলতানা সাথী, সাংগঠনিক সম্পাদক রমেশ চন্দ্র কয়াল, সদস্য স্বপ্না মন্ডল, মৌমেন মুন্ডা প্রমুখ।

সভায় আগামী তিন মাসের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মপরিকল্পনার মধ্যে চলমান কপ-৩১ সম্মেলনে কয়রার জলবায়ুজনিত সমস্যা ও উপকূলীয় জনগোষ্ঠীর সংকট তুলে ধরতে ১৫ নভেম্বর জলবায়ু স্ট্রাইক আয়োজন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন, পরিবেশ-প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং প্লাস্টিক দূষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে উপকূলীয় জনপদ কয়রা প্রতিনিয়ত নানা সংকটের মুখোমুখি হচ্ছে। এসব সংকট মোকাবিলায় স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।সভায় ফোরামের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.