কয়রায় শিশুদের মাঝে বিতরণকৃত বিস্কুটের প্যাকেটে তারিখের ভুল ! জনমনে বিভ্রান্তি

কয়রায় শিশুদের মাঝে বিতরণকৃত বিস্কুটের প্যাকেটে তারিখের ভুল ! জনমনে বিভ্রান্তি

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় শিশুদের মাঝে বিতরণ করা সয়া প্রোটিন বিস্কুটের কার্টনে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ভুলভাবে মুদ্রিত হওয়ায় জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। মুদ্রিত তারিখ দেখে বিস্কুটগুলো মেয়াদোত্তীর্ণ বলে অভিযোগ ওঠে। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দাবি, বিস্কুটের প্রকৃত মেয়াদ নিয়ে কোনো সমস্যা নেই। তারিখ মুদ্রণের ভুলের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিষয়টি জানার পর উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে বিতরণ করা বিস্কুটগুলো প্রত্যাহার করা হয়েছে এবং শিশুদের এসব বিস্কুট খেতে নিষেধ করা হয়েছে।

জানা গেছে, শিশুদের অপুষ্টি দূরীকরণ প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে সয়া প্রোটিন বিস্কুট বিতরণ করা হয়। সম্প্রতি এসব বিস্কুটের কার্টনে মুদ্রিত উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ নিয়ে প্রশ্ন ওঠে। কার্টনের গায়ে উল্লেখিত তারিখ দেখে অনেকেই বিস্কুটগুলো মেয়াদোত্তীর্ণ বলে ধারণা করেন। বিষয়টি ছড়িয়ে পড়লে অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

এ বিষয়ে বাংলাদেশ সয়া প্রোটিন প্রজেক্ট লিমিটেডের কয়রা উপজেলা অপারেশন কর্মকর্তা কামরুল হাসান দিপু জানান, বিস্কুটের প্রকৃত মেয়াদ নিয়ে কোনো সমস্যা নেই। ২০২৬ সালের মে মাসে তারা কার্যাদেশ পেয়েছেন। কার্টনের গায়ে তারিখ মুদ্রণের ভুলের কারণেই এ ধরনের ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, বিস্কুটের বেজ নম্বর সঠিক রয়েছে, যার নম্বর ৭। প্যাকেটের গায়ে দেওয়া উৎপাদন ২৫/১০/২৫ ও উৎপাদন ২৪/৪/২০২৬ মেয়াদ শেষ মূলত মেয়াদ শেষের তারিখ হবে ২৪/৪/২০২৭ যেটা উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ মুদ্রণে ভুল হয়েছে। বিষয়টি জানার পর উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে বিতরণ করা বিস্কুটগুলো উঠিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি শিশুদের ওই বিস্কুট খেতে নিষেধ করা হয়েছে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, শিশুদের পুষ্টি নিশ্চিত করতে এ ধরনের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে শিশুদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনায় রেখে খাদ্যপণ্যের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ নির্ভুলভাবে মুদ্রণ, সরবরাহের আগে পণ্যের মান ও প্যাকেটের তথ্য যাচাই এবং বিতরণ কার্যক্রমে যথাযথ তদারকি নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ভুলের পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও সতর্ক হওয়া প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published.