চাঁপাইনবাবগঞ্জে জেলা পর্যায়ে ‘স্পেলিং বি’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ফুলকুঁড়ি ইসলামিক একাডেমি

চাঁপাইনবাবগঞ্জে জেলা পর্যায়ে ‘স্পেলিং বি’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ফুলকুঁড়ি ইসলামিক একাডেমি

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ


চাঁপাইনবাবগঞ্জে জেলা পর্যায়ে স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘স্পেলিং বি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব হলে জেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ফুলকুঁড়ি ইসলামিক একাডেমির শিক্ষার্থীদের দল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের মেধা, মনন ও ভাষাগত দক্ষতা বিকাশে এ ধরনের প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম। ইংরেজি বানান শেখার পাশাপাশি এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, আত্মবিশ্বাস, মনোযোগ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে সহায়তা করবে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে নিয়মিত পড়াশোনা, অনুশীলন ও জ্ঞানচর্চার মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনে অনুপ্রেরণা জোগাবে। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে বলেন, জয়-পরাজয় প্রতিযোগিতার অংশ। তবে অংশগ্রহণ, চেষ্টা ও শেখার আগ্রহই একজন শিক্ষার্থীর প্রকৃত অর্জন। বিজয়ীদের পাশাপাশি অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীই এ আয়োজনের মাধ্যমে নতুন অভিজ্ঞতা অর্জন করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সেরাজ উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, শিক্ষা অনুরাগী ব্যক্তি এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় ফুলকুঁড়ি ইসলামিক একাডেমির বিজয়ী শিক্ষার্থী দল এবং তাদের মেন্টর সাহানুর নেসা, মুরশেদ ও শিশির স্যারকে অভিনন্দন জানানো হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ অর্জন শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনে অনুপ্রেরণা জোগাবে।

Leave a Reply

Your email address will not be published.