গাজীপুরের শ্রীপুরে ছিনতাইয়ের প্রতিবাদ করায় কৃষকের পরিবারের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে ছিনতাইয়ের প্রতিবাদ করায় কৃষকের পরিবারের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগ

আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর)


‎গাজীপুরের শ্রীপুরে ছিনতাইয়ের প্রতিবাদ করায় এক কৃষকের পরিবারের ওপর হামলা, মারধর, বসতবাড়িতে ভাঙচুর এবং নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ সময় কিশোর গ্যাংয়ের সদস্যরা ওই পরিবারের বসতঘরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ারও চেষ্টা চালায় এবং আশপাশের আরও কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।
‎
‎​গত শনিবার (১৪ নভেম্বর ২০২৬) রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষকের ছেলে মো. সজীব ফকির বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
‎
‎থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, টেপিরবাড়ি গ্রামের আতাউল্লাহর ছেলে মো. সাকিব (২৫), মো. মারুফ (২৩) ও মো. মাহফুজ (২১)-এর নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি কিশোর গ্যাং দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন, চুরি ও ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে।
‎
‎​গত শনিবার রাত ১০টার দিকে ১নং অভিযুক্ত সাকিব ও তাঁর সহযোগীরা এক ভাড়ারিয়ার মোবাইল ফোন রাস্তা থেকে ছিনতাই করার সময় আশপাশের লোকজন তাঁদের হাতেনাতে ধরে ফেলেন। এ সময় স্থানীয়রা প্রতিবাদ করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
‎
‎ওই ঘটনার জের ধরে একই দিন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযুক্ত সাকিব, মারুফ, মাহফুজসহ অজ্ঞাতনামা ১০-১২ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র—যেমন দা, ছুরি, লাঠি ও লোহার রড নিয়ে সজীব ফকিরের বসতবাড়িতে অতর্কিত হামলা চালায়।
‎
‎​অভিযোগ রয়েছে, হামলাকারীরা ঘরের দরজা, জানালা ও প্রধান গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ধারালো দা দিয়ে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে প্রায় ২ লাখ টাকার আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় আলমারি ভেঙে নগদ ৭৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় হামলাকারীরা। বাধা দিলে বাদী সজীব ফকির ও তাঁর ছোট ভাই মো. আশিককে (২৪) এলোপাতাড়ি কিল-ঘুষি, লাথি ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করা হয়।‎​পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা ও অন্যান্য বাড়িতে হামলা করে।
‎
‎যাওয়ার সময় হামলাকারীরা বসতঘরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা চালায়। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাৎক্ষণিকভাবে পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলেন। এ ছাড়াও ঘটনার সময় ফুফু, চাচা, ফুফাতো ভাই ও চাচাতো ভাইদের বাড়িসহ মোট ছয়টি বসতবাড়িতে হামলা চালিয়ে দরজা-জানালা ভাঙচুর করা হয়।
‎
‎​ঘটনার পর জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করলে কর্তব্যরত পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। বর্তমানে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছে এবং পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.