ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ফাইনালে জাতীয় বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ফাইনালে জাতীয় বিশ্ববিদ্যালয়

নজমুল  হক, গাজীপুর


ঢাকা বিশ্ববিদ্যালয়কে টাইব্রেকারে ৪–৩ গোলে হারিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতা ২০২৬-এর ফাইনালে উঠেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামীকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম মাঠে ফাইনালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুখোমুখি হবে জাতীয় বিশ্ববিদ্যালয়। সোমবার (২৩ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে নির্ধারিত সময়ের খেলায় গোল না হওয়ায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে ৪–৩ গোলে জয় পেয়ে ‘খ’ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জাতীয় বিশ্ববিদ্যালয়। প্রতিযোগিতায় শুরু থেকেই দাপট দেখিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দল। প্রথম ম্যাচে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ৬–০ গোলে হারিয়ে যাত্রা শুরু করে দলটি। দ্বিতীয় ম্যাচে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ২–০ গোলে এবং তৃতীয় ম্যাচে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ২–০ গোলে পরাজিত করে। টানা তিন জয়ের পর চতুর্থ ম্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয়কে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করে জাতীয় বিশ্ববিদ্যালয়।


 ফাইনালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিপক্ষ ‘ক’ গ্রুপ চ্যাম্পিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয়। আগামীকাল দুপুর ২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম মাঠে দুই দলের শিরোপা লড়াই অনুষ্ঠিত হবে।জাতীয় বিশ্ববিদ্যালয় ফুটবল দলের অধিনায়ক রোকনুজ্জামান রোকন। দলের কোচ মো. তাজুল ইসলাম, ম্যানেজার মো. সুজাউদ্দৌলা (উপ-পরিচালক) এবং সহকারী ম্যানেজার শাহিন আহমেদ (সহকারী পরিচালক)।


 এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিম বলেন, “ফাইনালে জয়ের মধ্য দিয়ে প্রতিযোগিতার শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দল। আশা করি আমরা আমাদের সাফল্যের ধারা অব্যাহত রাখতে পারবো।”উল্লেখ্য, গতবছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আয়োজনে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জাতীয় বিশ্ববিদ্যালয়।

Leave a Reply

Your email address will not be published.