
কয়রা (খুলনা) প্রতিনিধি:
খুলনার কয়রা উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তার লক্ষ্যে বীজ বাড়ির উপকরণ বিতরণ এবং অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বেলা ১১টায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের প্রকল্প অফিসে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত কৃষকদের মাঝে এসব উপকরণ ও অনুদানের চেক বিতরণ করা হয়।
লিডার্সের প্রজেক্ট অফিসার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা কৃষি অফিসার তীলক কুমার ঘোষ। বিশেষ অতিথি ছিলেন লিডার্সের ফিন্যান্স অফিসার রাজিব হালদার। এছাড়া কৃষক প্রতিনিধি কামরুল ইসলামসহ স্থানীয় কৃষক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার তীলক কুমার ঘোষ বলেন, বীজ সংরক্ষণ ও নিজস্ব বীজ উৎপাদনের মাধ্যমে কৃষকরা যেমন উৎপাদন খরচ কমাতে পারবেন, তেমনি নিরাপদ ও মানসম্মত বীজের প্রাপ্যতাও নিশ্চিত হবে। তিনি কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের পাশাপাশি বীজ বাড়ির কার্যক্রম সফলভাবে পরিচালনার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে প্রজেক্ট অফিসার মো. মিজানুর রহমান বলেন, লিডার্স কৃষকদের সক্ষমতা বৃদ্ধি ও টেকসই কৃষি উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বীজ বাড়ির প্রয়োজনীয় উপকরণ ও অনুদানের চেক প্রদান করা হয়েছে, যা কৃষকদের কৃষি কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে উপকারভোগী কৃষকদের হাতে বীজ বাড়ির বিভিন্ন উপকরণ এবং অনুদানের চেক তুলে দেন অতিথিরা।

Leave a Reply