15055

শ্রীপুরে বৃদ্ধ পিতাকে কুপিয়ে জখমের অভিযোগ, ছেলে ও সহযোগীর বিরুদ্ধে মামলা

আশরাফুল আলম সরকার শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক বৃদ্ধ পিতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে তারই ছেলে ও সহযোগীর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের চালেশ্বর গ্রামের বাসিন্দা মো: হান্নান সরদার (৮০) তার ছেলে মো: আশরাফুল (৩৫) এবং আশরাফুলের সহযোগী মো: রানার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগীর অভিযোগে উল্লেখ করা হয়, আশরাফুল দীর্ঘদিন ধরে সহযোগী রানার সাথে মাদক ব্যবসার সাথে জড়িত। এ বিষয়ে প্রতিবাদ করায় তিনি প্রায়ই পিতাকে গালিগালাজ ও মারধর করতেন।

ঘটনার দিন ১৩ এপ্রিল ২০২৬, সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে অভিযুক্তরা বাড়িতে এসে হান্নান সরদারের ওপর হামলা চালায়। এ সময় তারা কিল-ঘুষি, লাথি ও লাঠি দিয়ে মারধর করে গুরুতর জখম করে। এক পর্যায়ে আশরাফুল দা দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ দিলে তিনি হাত দিয়ে প্রতিহত করলে তার ডান হাতের তালু কেটে যায় এবং রক্তাক্ত জখম হয়।

এসময় তার নাতি-নাতনি এগিয়ে এলে তাদেরকেও মারধর করা হয়। অভিযোগে আরও বলা হয়, আশরাফুল তার নাতনি মালার গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করে, এতে তার গলায় আঘাতপ্রাপ্ত হয়।

ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে এবং অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে।পরে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে ভুক্তভোগী শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে শ্রীপুর থানার কর্তৃপক্ষ জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। একই ঘটনায় উভয় পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে অভিযুক্ত মো: আশরাফুল অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন। তার বক্তব্য, পারিবারিক বিরোধের জের ধরে তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব অভিযোগ আনা হয়েছে। তিনি ঘটনার সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published.