গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় হাজী মফিজ উদ্দিন সিএনজি ফিলিং স্টেশনে তেল নিয়ে কারসাজির প্রতিবাদ করায় এক নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ উঠেছে। এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাম্পটিতে অবৈধভাবে তেল মজুদ এবং ড্রামে ভরে বাড়তি দামে বিক্রির অভিযোগ তুলে সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে। এ নিয়ে পাম্প কর্তৃপক্ষের সঙ্গে উপস্থিত জনতার বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এসময় জেলা শ্রমিক দলের সদস্য সচিব আবুল কালাম প্রধান নিজের গাড়িতে তেল নিতে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেন।
ঘটনার সময় একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবুল কালাম প্রধানের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেয়। আবুল কালাম প্রধান বলেন, “আমি কেবল সাধারণ মানুষের পক্ষ নিয়ে পরিস্থিতি শান্ত করতে গিয়েছিলাম। কিন্তু একটি চক্র আমার সম্মান ক্ষুণ্ণ করতে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে।”
অপপ্রচারের প্রতিকার চেয়ে তিনি শ্রীপুর থানায় একটি জিডি করেছেন। এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমদ জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, জনস্বার্থে কথা বলে ষড়যন্ত্রের শিকার হওয়ার ঘটনায় স্থানীয় সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে।

Leave a Reply