কুষ্টিয়ার ভেড়ামারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ‘আদর্শ গ্রাম বাংলা বিশ্ব সংস্থা’

কুষ্টিয়ার ভেড়ামারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ‘আদর্শ গ্রাম বাংলা বিশ্ব সংস্থা’

মাহমুদুল হাসান চন্দন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নে শুক্রবার (১ মে) রাতে ঘটে যাওয়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন ‘আদর্শ গ্রাম বাংলা বিশ্ব সংস্থা’। সংগঠনটির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ধরমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাজিহাটা চেয়ারম্যান পাড়ার বাসিন্দা মুনটু শাহ্‌র বাড়ির রান্নাঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে শোয়ার ঘরসহ তিনটি কক্ষ সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ঘরের আসবাবপত্র, খাদ্যশস্য ও নগদ অর্থসহ মূল্যবান সব জিনিসপত্র হারায় পরিবারটি। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সব পুড়ে নিঃশেষ হয়ে যায়।

এই দুঃসময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দেয় ‘আদর্শ গ্রাম বাংলা বিশ্ব সংস্থা’। সংগঠনের পক্ষ থেকে তাৎক্ষণিক সহায়তা হিসেবে তিন বস্তা চাল, প্রয়োজনীয় মুদি বাজার এবং নগদ অর্থ প্রদান করা হয়। সংস্থাটির প্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে গভীর সমবেদনা জানান এবং ভবিষ্যতে আরও প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।

এলাকাবাসী জানান, আগুনের ঘটনায় পরিবারটি এখন নিঃস্ব অবস্থায় রয়েছে। এমন দুর্যোগে স্বেচ্ছাসেবী সংগঠনটির এগিয়ে আসা অত্যন্ত প্রশংসনীয়। তবে পরিবারের স্বাভাবিক জীবনে ফিরতে আরও সরকারি ও বেসরকারি সহযোগিতার প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

বর্তমানে এই অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় শোক ও উদ্বেগ বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published.