আশিকুর রহমান সবুজ,গাজীপুর
গাজীপুরের শ্রীপুর উপজেলার গুরুত্বপূর্ণ মাওনা চৌরাস্তা থেকে শফিক মোড় হয়ে কান্টু মার্কেট পর্যন্ত সড়কটির সংস্কার কাজ দীর্ঘ চার মাস ধরে থমকে থাকায় চরম ভোগান্তি ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। কাজের কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় সরকারি এই উন্নয়ন প্রকল্পটি এখন জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সরেজমিনে দেখা যায়, সড়ক সংস্কারের জন্য দীর্ঘ দিন আগে বিছিয়ে রাখা রডগুলোতে মরিচা পড়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। যথাযথ তদারকির অভাবে এবং সংশ্লিষ্ট ঠিকাদারের অবহেলার কারণে রাতের অন্ধকারে স্থানীয় কিছু অসাধু চক্র বিছিয়ে রাখা রড চুরি করে নিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে কাজ শুরুর আগেই সব উপকরণ চুরি হয়ে যাবে এবং সরকারি অর্থের অপচয় ছাড়া আর কিছুই হবে না বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
রাস্তাটির এমন করুণ দশা ও সরকারি সম্পদের অপচয় নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্কুলগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও সাধারণ পথচারীদের জন্য রাস্তাটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। বর্ষায় কাদা ও গর্তের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
সরকারের এই উন্নয়ন প্রকল্পের সুফল পেতে এবং সরকারি সম্পদের লুটপাট বন্ধ করতে অনতিবিলম্বে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও সড়কটির নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Leave a Reply