
স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রাম
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রতি মৌজার কানিপাড়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফনের কিছুক্ষণ পরই একটি লাশ চুরির চেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ মে) দিবাগত রাত প্রায় ১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, কবর খুঁড়ে লাশ নিয়ে যাওয়ার চেষ্টা করছিল একদল দুর্বৃত্ত। তবে এলাকাবাসী বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উক্ত গ্রামের বাসিন্দা আব্দুস সাত্তারের দ্বিতীয় ছেলে হারুন ঢাকায় মারা যান। পরে স্বজনরা তার মরদেহগ্রামের বাড়িতে এনে কানিপাড়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন সম্পন্ন করেন। দাফনের প্রায় ঘণ্টাখানেক পর দুর্বৃত্তরা কবর ভেঙে মরদেহটি নিয়ে যাওয়ার চেষ্টা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পর এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা রাতেই কবরস্থানে ভিড় করেন এবং বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন।স্থানীয় ওয়ার্ড সদস্য লাভলু মিয়া বলেন, ঘটনার কথা শুনেছি। তবে এখনো বিস্তারিত জানতে পারিনি।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, ঘটনাটি সম্পর্কে ওই পরিবারের পক্ষ থেকে আমাকে অবহিত করা হয়নি। তবে রাতেই ফেসবুকে ঘটনাটি জানার পর আমি পুলিশ পাঠিয়েছি। আজ (শনিবার) সকালেও পুলিশের একটি টিম সেখানে অবস্থান করছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখছি।

Leave a Reply