শ্রীপুরে গাজীপুর ইউনিয়নে মাদকের বিস্তার নিয়ে জনমনে উদ্বেগ, উঠছে নানা প্রশ্ন

শ্রীপুরে গাজীপুর ইউনিয়নে মাদকের বিস্তার নিয়ে জনমনে উদ্বেগ, উঠছে নানা প্রশ্ন

মো: জনি হাসান, গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিন দিন মাদকের বিস্তার বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, প্রকাশ্যে কিংবা গোপনে বিভিন্ন স্থানে মাদক কেনাবেচা চললেও এর মূল হোতারা এখনো আইনের আওতার বাইরে রয়ে গেছে।

এলাকাবাসীর প্রশ্ন, কারা এই মাদক ব্যবসার সঙ্গে জড়িত? কোথা থেকে আসছে এসব মাদক? কারা এই ব্যবসা পরিচালনা করছে এবং কারা তাদের পেছন থেকে সহযোগিতা করছে? এমন হাজারো প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মাঝে।

স্থানীয় সচেতন মহল বলছে, মাদকের কারণে যুবসমাজ ধ্বংসের পথে যাচ্ছে। শিক্ষার্থী ও তরুণদের একটি অংশ মাদকের ছোবলে বিপথগামী হচ্ছে, যা সমাজে চুরি, ছিনতাইসহ নানা অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান, মানববন্ধন ও প্রতিবাদের ঘটনা সামনে এসেছে, যা মাদক নিয়ন্ত্রণে জনসচেতনতার বিষয়টি তুলে ধরছে। 

এলাকাবাসী দ্রুত মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা, মাদকের উৎস খুঁজে বের করা এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের সচেতন মানুষের সম্মিলিত উদ্যোগ ছাড়া মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষা করা সম্ভব নয়।

সাধারণ মানুষের প্রত্যাশা, গাজীপুর ইউনিয়নকে মাদকমুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করবে।

Leave a Reply

Your email address will not be published.