
নজমুল হক, গাজীপুর
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, মহান ভাষা আন্দোলনের বীর সৈনিক, প্রথিতযশা আইনজীবী এবং বর্ষীয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকার রোববার (১২ জুলাই ২০২৬) মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বরেণ্য এ রাজনীতিবিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর-এর উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল। শোক বার্তায় উপাচার্য বলেন, “ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের রাজনীতির এক প্রজ্ঞাবান, অভিজ্ঞ, সৎ ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। সুদীর্ঘ ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি সততা, প্রজ্ঞা ও দায়িত্ববোধের সঙ্গে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও বিভিন্ন সময়ে তিনি শিক্ষামন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রীসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।’’ উপাচার্য আরও বলেন, “দীর্ঘ রাজনৈতিক ও পেশাগত জীবনে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সততা, প্রজ্ঞা এবং মহান গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রেখে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন। বর্ণাঢ্য কর্মজীবনে তাঁর অপরিসীম বিনয়, প্রজ্ঞা, অতুলনীয় সৌজন্যতাবোধ ও আন্তরিকতা সর্বমহলে সমাদৃত ও সম্মানিত হয়েছে। তাঁর প্রয়াণে দেশ এক দেশপ্রেমিক, প্রাজ্ঞ ও অভিভাবকসুলভ রাজনীতিবিদকে হারিয়েছে, যা সমগ্র জাতির জন্য অপূরণীয় ক্ষতি।” গণতন্ত্র, ভোটাধিকার এবং মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামসহ গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সুসংহতকরণ, সংসদীয় সংস্কৃতির বিকাশ এবং জনকল্যাণমূলক রাষ্ট্র পরিচালনায় তাঁর অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলেও তিনি উল্লেখ করেন। উপাচার্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবৃন্দ, আত্মীয়স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।

Leave a Reply