
গাজীপুর জেলা প্রতিনিধি
দেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে আর্থিক অনুদান প্রদান করেছে গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরাম।
বৃহস্পতিবার গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়ার কার্যালয়ে তাঁর হাতে সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অনুদানের পে-অর্ডার তুলে দেওয়া হয়।
পে-অর্ডার হস্তান্তরকালে গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরামের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি এম. এম. ফারুক এবং সাধারণ সম্পাদক ও আনন্দ টিভি/দৈনিক জনতার প্রতিনিধি মো. জসিম উদ্দিন নেতৃত্ব দেন।
অনুদান গ্রহণকালে জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া রিপোর্টার্স ফোরামের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।তিনি বলেন:”দেশের এই দুর্যোগপূর্ণ মুহূর্তে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতাই বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও অন্য সকল সংগঠনকে এভাবে এগিয়ে আসার আহ্বান জানাই।”
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা শুধু সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ নন; সামাজিক ও মানবিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও তাঁরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মানবকল্যাণে কাজ করা গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরামের অন্যতম প্রধান অঙ্গীকার। ভবিষ্যতেও এই সংগঠন জনকল্যাণমূলক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে।
পে-অর্ডার হস্তান্তরকালে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন—তানভীর আহমেদ (সিনিয়র সহসভাপতি, আনন্দ টিভি) তারিকুল ইসলাম (সহসভাপতি, মোহনা টিভি) মহিদুল আলম চঞ্চল (যুগ্ম সাধারণ সম্পাদক, মাই টিভি) আব্দুল গাফফার (সাংগঠনিক সম্পাদক, দৈনিক যুগান্তর) জাহিদ হাসান ভূঁইয়া (কোষাধ্যক্ষ, দৈনিক বাংলাদেশের কণ্ঠ) মো. সোহাগ ভান্ডারী (সাহিত্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক, দৈনিক ঐশী বাংলা) বোরহানউদ্দিন অরণ্য (নির্বাহী সদস্য, দৈনিক একুশের সংবাদ) কাজী সাকিল (নির্বাহী সদস্য, এশিয়ান টিভি ও দৈনিক বাংলাদেশ সমাচার) মো. মনির হোসেন (নির্বাহী সদস্য, দৈনিক বাংলাদেশের আলো) সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং ব্যক্তি পর্যায় থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরামও এই মহতী মানবিক উদ্যোগে শামিল হলো।

Leave a Reply