
নিজস্ব প্রতিবেদক
“মানুষ মানুষের জন্য”— এই নীতিকে সামনে রেখে হৃদরোগ ও সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো দুই ওষুধ কোম্পানির প্রতিনিধির (এমপিও) পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) এবং আরএসএম ফোরাম।
শুক্রবার সকাল ১১টায় রাজশাহী মহানগর ফারিয়া কার্যালয়ে আয়োজিত এক জরুরি সভা শেষে উভয় পরিবারের হাতে আর্থিক সহযোগিতার অর্থ তুলে দেওয়া হয়।রাজশাহী জেলা ফারিয়া, রাজশাহী মহানগর ফারিয়া, এরিয়া ম্যানেজার ফোরাম ও আরএসএম ফোরাম যৌথভাবে এই আর্থিক সহযোগিতার উদ্যোগ নেয়।
সংগঠন সূত্রে জানা গেছে, গত জানুয়ারি মাসে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের মোহনপুর টেরিটরির সিনিয়র এমপিও মোহাম্মদ তুহিন হৃদরোগজনিত কারণে মৃত্যুবরণ করেন। অন্যদিকে, বাগমারা উপজেলায় কর্মরত এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের এমপিও মোঃ সালাউদ্দিন এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান। এই দুই প্রয়াত সহকর্মীর পরিবারের সদস্যদের হাতে অনুদানের টাকা তুলে দেওয়া হয়।
আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ফারিয়ার সভাপতি সামস নয়ন, রাজশাহী জেলা ফারিয়ার সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, রাজশাহী মহানগর ফারিয়ার সাধারণ সম্পাদক মাসুদ নয়ন এবং রাজশাহী জেলা ফারিয়ার সিনিয়র সহ-সভাপতি আবু মাসুদ রানা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়া ও রাজশাহী মহানগর ফারিয়ার উপদেষ্টা আরিফুল ইসলাম রতন, রাজশাহী আরএসএম ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ এরিয়া ম্যানেজার ফোরামের নেতৃবৃন্দ। এ ছাড়া রাজশাহী জেলা, মহানগর ও বিভিন্ন উপজেলা থেকে আগত ফারিয়ার দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দও সভায় অংশ নেন।
সভায় বক্তারা প্রয়াত দুই সহকর্মীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
নেতৃবৃন্দ বলেন, সহকর্মীদের যেকোনো বিপদে-আপদে ফারিয়া পরিবার সবসময় এভাবে পাশে থাকবে।

Leave a Reply