
কয়রা(খুলনা) প্রতিনিধি:
দুর্যোগপ্রবণ উপজেলা খুলনায় সুপেয় পানির সংকট দীর্ঘদিনের। বিশেষ করে কয়রার উপকূলীয় এলাকার মানুষের জন্য নিরাপদ ও সুপেয় পানি সংগ্রহ এখনো একটি বড় চ্যালেঞ্জ। এ সংকটের টেকসই সমাধান ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কয়রায় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা বিআরডিবি হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা কোয়িকার অর্থায়নে এবং জেজেএসের ইআরসিসি-২ প্রকল্পের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নিরাপদ পানির সংকটের কারণ, সংকট মোকাবিলায় করণীয় এবং স্থানীয় পর্যায়ে সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে পানি সংকট সমাধানে সরকারি-বেসরকারি সংস্থা, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।এবং রেইন ওয়াটার হার্ভেস্টিং বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
জেজেএস ইআরসিসি-২ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী নাসির উদ্দীনের পরিচালনায় সভায় বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, বিআরডিবি অফিসের মোঃ আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা শান্তনু অধীকারী ইউপি সদস্য শেখ সেরাজুল ইসলাম ও বিভূতি বিশ্বাস, মিতা মন্ডল, মৎস্য অফিসের সাদ্দাম হোসেন, ফিল্ড ফ্যাসিলিটেটর শরিফুর রহমান ও মোছা. নুসরাত জাহান, প্রকল্পের উপকারভোগী নাছিমা খাতুন, সালমা আক্তারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় কয়রায় লবণাক্ততা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে নিরাপদ পানির সংকট সৃষ্টি হয়। এ সংকট মোকাবিলায় স্থানীয় বাস্তবতা বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি ও কার্যকর উদ্যোগ গ্রহণ প্রয়োজন। পাশাপাশি নিরাপদ পানি সংরক্ষণ ও ব্যবহারে স্থানীয় জনগণকে আরও সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

Leave a Reply