
মাহমুদুল হাসান চন্দনঃ
চ্যানেল আই আয়োজিত দেশসেরা শিশু-কিশোর প্রতিভা অন্বেষণমূলক প্রতিযোগিতা ‘শাপলা কুঁড়ি’-তে অনন্য কৃতিত্ব দেখিয়েছে কুষ্টিয়ার ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী তাসনিম জান্নাত ও উর্মী রানী কুন্ডু। প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্বে চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে মর্যাদাপূর্ণ ‘ইয়েস কার্ড’ অর্জন করেছে তারা। এই সাফল্যের মাধ্যমে তারা প্রতিযোগিতার মূল পর্বে ভেড়ামারা তথা কুষ্টিয়া জেলার প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করলো।
কৃতী এই দুই খুদে নৃত্যশিল্পী কুষ্টিয়ার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘ভেড়ামারা সাংস্কৃতিক একাডেমি’র নিয়মিত শিক্ষার্থী। দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, একাগ্রতা এবং সংগঠনের সঠিক দিকনির্দেশনার ফলেই তারা আজ এই জাতীয় মঞ্চে নিজেদের মেধার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে।
খুদে শিল্পীদের এই অনন্য সাফল্যে ভেড়ামারা সাংস্কৃতিক একাডেমির সভাপতি আনোয়ার হোসেন বাবলু গভীর সন্তোষ প্রকাশ করেছেন। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমাদের একাডেমির দুই খুদে শিল্পীর এই অর্জন অত্যন্ত গর্বের। তৃণমূল পর্যায় থেকে সঠিক ও সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে প্রতিভা বিকাশে আমরা কাজ করে যাচ্ছি। এই সফলতার পেছনে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের অক্লান্ত পরিশ্রম রয়েছে। আশা করি, আগামী রাউন্ডগুলোতেও আমাদের এই খুদে প্রতিভারা তাদের সেরা পারফরম্যান্স দিয়ে পুরো দেশের মন জয় করবে।
তিনি আরও জানান, শিশুদের এই মেধা ধরে রাখতে এবং আগামী দিনের মূল লড়াইয়ের জন্য একাডেমির পক্ষ থেকে সব ধরনের সার্বিক সহযোগিতা ও বিশেষ গ্রুমিংয়ের ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এদিকে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পীর চ্যানেল আই-এর মতো বড় প্ল্যাটফর্মে ইয়েস কার্ড পাওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গন ও সুধী মহলের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। এলাকার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এই গৌরবময় অর্জনের জন্য দুই খুদে শিল্পী, তাদের অভিভাবক এবং ভেড়ামারা সাংস্কৃতিক একাডেমি কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

Leave a Reply