
মোহাম্মদ তাজুল ইসলাম,গাজীপুর
রাত তখন গভীর, চারপাশ নিস্তব্ধ। গাজীপুর মহানগরীর পূবাইলের নারায়ণকুল এলাকায় একটি বাড়ির গুদামের সামনে এসে থামল একটি নীল রঙের টাটা পিকআপ। এরপর গ্রিল বা তালা ভাঙার কোনো শব্দ নয়, বরং নিমিষেই গুদামের দুটি গেট খুলে ভেতরে প্রবেশ করে একদল অজ্ঞাত চোর। একে একে পিকআপভর্তি করে তুলে নেওয়া হলো প্রায় ২০ লাখ টাকা মূল্যের ১১৯টি ব্যাটারি।বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরের এই দুর্ধর্ষ চুরির ঘটনায় রীতিমতো হতবাক এলাকাবাসী।
ভুক্তভোগী ব্যবসায়ী মাহাথীর ভূইয়া জানান, মীরের বাজারের নিজের ব্যাটারির দোকানের স্টক নারায়ণকুলের বাড়িতে গুদামজাত করতেন তিনি। বুধবার রাত সাড়ে ১২টার দিকেও সবকিছু গুছিয়ে ঘুমিয়েছিলেন। কিন্তু ভোরে ঘুম থেকে উঠে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। গুদামের দুটি গেট খোলা, আর ভেতরে থাকা ৩১টি ছোট, ২১টি মাঝারি, ৪৯টি বড় আকারের নতুন ব্যাটারি এবং ১৮টি পুরোনো—সব মিলিয়ে ১১৯টি ব্যাটারি নেই!
চোরের দলের এই ফিল্মি কায়দায় চুরির রহস্য অবশ্য ধরা পড়েছে পাশের ‘কামাল ট্রেডার্স ফ্যাক্টরি’র সিসিটিভি ক্যামেরায়। ফুটেজে দেখা যায়, রাত ৩টা ২৫ মিনিটে পিকআপ নিয়ে আসার পর প্রায় এক ঘণ্টার অপারেশন চালিয়ে ৪টা ২০ মিনিটের দিকে চোরেরা আরামসে মালামাল নিয়ে উধাও হয়ে যায়।
এ ঘটনায় পূবাইল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। থানা পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজের সূত্র ধরে নীল রঙের সেই পিকআপ ও জড়িত চক্রটিকে শনাক্ত করতে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Leave a Reply