গাজীপুরে পোশাক শ্রমিকদের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ গাড়িতে অগ্নিসংযোগ

গাজীপুরে পোশাক শ্রমিকদের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ গাড়িতে অগ্নিসংযোগ

গাজীপুর প্রতিনিধি


ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। বুধবার (১৮ নভেম্বর)সকাল পৌনে ১০টার দিকে মহানগরীর ছয়দানা ও হাড়িকেন এলাকায় শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় মহানগরীর মালেকের বাড়ি এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের মধ্যে একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি বিবেচনায় মহানগরীর ১০টি তৈরি পোশাক কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া শ্রমিক অসন্তোষের কারণে ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।


স্থানীয়রা জানান, সকালে গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ছয়দানা ও হাড়িকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। খবর পেয়ে শিল্প পুলিশ, থানা পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
 অন্যদিকে, মালেকের বাড়ি এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।


এদিকে, শ্রীপুরের নতুন বাজার এলাকার এস এম নীট ওয়্যার, বাঘের বাজারের গোল্ডেন রিফিট গার্মেন্টস এবং ভবানীপুরের ফকিরা গার্মেন্টসের শ্রমিকেরা কাজ বন্ধ রেখে উৎপাদন ফ্লোরে শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন। বাঘের বাজার এলাকার জেএল পোশাক কারখানায় সকাল ১০টার দিকে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। মহানগরীর কোনাবাড়ী এলাকায় দুটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করলেও তারা মহাসড়কে অবস্থান নেননি বলে জানা গেছে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসাইন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। শ্রমিক আন্দোলনের কারণে বুধবার সকালে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। আর গতকালের তথ্য অনুযায়ী, ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকেরা আন্দোলন করে আসছেন।


মঙ্গলবার মহানগরীর কোনাবাড়ী, কাশিমপুর, চান্দনা চৌরাস্তা, জরুন, নাওজোড়, ছয়দানা, ভোগড়া এবং শ্রীপুরের ২ নম্বর সিএন্ডবি ও আপাডা এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ করেন।
একপর্যায়ে পরিস্থিতি সহিংস হয়ে উঠলে সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের ঘটনা ঘটে।
এসব ঘটনায় পুলিশ, পোশাকশ্রমিক ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন। বিশৃঙ্খলা এড়াতে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার পর জেলার ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published.