
মাহমুদুল হাসান চন্দন:
কুষ্টিয়ার ভেড়ামারায় ডিজিটাল ও স্মার্ট আর্থিক সেবা সম্প্রসারণের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি ভেড়ামারা শাখাকে আনুষ্ঠানিকভাবে ‘ক্যাশলেস শাখা’ হিসেবে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টায় ভেড়ামারা মধ্যবাজারে অবস্থিত ব্যাংকটির নিজস্ব কার্যালয়ে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ নতুন যাত্রার সূচনা করা হয়।
পূবালী ব্যাংক পিএলসি ভেড়ামারা শাখার ব্যবস্থাপক আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক মো. ইমরান আরাফাত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক পিএলসি ফরিদপুর অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক কাজী সিহাবুল ইসলাম। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক মো. ইমরান আরাফাত বলেন, আজকের এই আয়োজন ভবিষ্যতের একটি আধুনিক, স্মার্ট ও ক্যাশলেস বাংলাদেশকে বরণ করে নেওয়ার প্রয়াস। এটি শুধু একটি স্লোগান নয়, বরং একটি স্বচ্ছ, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর অর্থনৈতিক ব্যবস্থার অঙ্গীকার। এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা ব্যাংকিংয়ের দীর্ঘদিনের ঐতিহ্যের সঙ্গে আধুনিক প্রযুক্তির নতুন অধ্যায় যুক্ত করছি।
তিনি স্থানীয় অর্থনীতিতে গতি আনার আহ্বান জানিয়ে আরও বলেন, আমরা চাই ভেড়ামারার প্রতিটি দোকান, প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান, প্রতিটি ক্ষুদ্র উদ্যোক্তা এবং প্রতিটি গ্রাহক ‘বাংলা কিউআর (Bangla QR)’ ব্যবহারের মাধ্যমে ক্যাশলেস লেনদেনে অভ্যস্ত হয়ে উঠুক। এতে লেনদেন হবে আরও সহজ, নিরাপদ ও স্বচ্ছ।
বিশেষ অতিথির বক্তব্যে কাজী সিহাবুল ইসলাম বলেন, পূবালী ব্যাংক সবসময় গ্রাহকদের আধুনিক ও যুগোপযোগী সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ভেড়ামারাকে সম্পূর্ণ ক্যাশলেস ও ডিজিটাল করার এই উদ্যোগে পূবালী ব্যাংক অগ্রণী ভূমিকা পালন করবে।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা ক্যাশলেস ব্যাংকিংয়ের বিভিন্ন আধুনিক কার্যক্রম ও প্রযুক্তিগত সুবিধা সশরীরে পরিদর্শন করেন। স্থানীয় ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা ভেড়ামারায় ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণে পূবালী ব্যাংকের এই সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং দ্রুততম সময়ে বাংলা কিউআর প্রযুক্তির প্রসারে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

Leave a Reply