বাউবিতে স্কুলসমূহের ডিনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাউবিতে স্কুলসমূহের ডিনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর


বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর বিভিন্ন একাডেমিক স্কুলের ডিনদের অংশগ্রহণে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা ০৬ মে ২০২৬, বুধবার বেলা ১১:৩০টায় গাজীপুরস্থ উপাচার্যের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল, সমন্বিত ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


সভায় উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক মানোন্নয়ন, শিক্ষা কার্যক্রমের গুণগত উৎকর্ষতা বৃদ্ধি এবং গবেষণার পরিবেশকে আরও শক্তিশালী করতে বাউবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, অবকাঠামো উন্নয়ন, রিসোর্স সমৃদ্ধকরণ এবং ফ্যাকাল্টি ডেভেলপমেন্টের মাধ্যমে শিক্ষার মান বৃদ্ধিতে ইতোমধ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের জন্য উপযোগী পরিবেশ নিশ্চিত করতে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন কক্ষ ও ফার্নিশিংয়ের ব্যবস্থা করা হয়েছে, যা ভবিষ্যতে শিক্ষা কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি আরও বলেন, গবেষণা ও প্রকাশনা কার্যক্রমকে শক্তিশালী করতে কেন্দ্রীয় জার্নাল, স্কুলভিত্তিক প্রকাশনা এবং ই-বুক ব্যবস্থার মাধ্যমে মানসম্মত প্রকাশনা নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি সমাবর্তন, রবীন্দ্র-নজরুল জয়ন্তীসহ বিভিন্ন শিক্ষামূলক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিকল্পিতভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষার্থীদের প্রেরণা বৃদ্ধি এবং প্রশাসনিক সেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। সভার শুরুতে সভাপতির অনুমতিক্রমে সাতটি স্কুলের সম্মানিত ডিনবৃন্দ গত ২৭ মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিত সভার গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি উপস্থাপন করেন। এছাড়া একাডেমিক প্রোগ্রামসমূহের হালনাগাদ তথ্য পর্যালোচনা এবং প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করা হয়। বিভিন্ন স্কুলের গবেষণা ও প্রকাশনা কার্যক্রমের অগ্রগতি ও সম্ভাবনা নিয়েও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।


সভায় প্রো-উপাচার্য (শিক্ষা), প্রো-উপাচার্য (প্রশাসন), রেজিস্ট্রার টি. এম. আহমেদ হুসেইন, স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস বিভাগের পরিচালক ও পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট স্কুলসমূহের ডিনবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.