রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গাকৃবি শিক্ষক সমিতির অভিনন্দন

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গাকৃবি শিক্ষক সমিতির অভিনন্দন

নজমুল হক, গাজীপুর


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (গাকৃবিশিস)। ২২ আগস্ট (শনিবার) গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (গাকৃবিশিস) এর সভাপতি প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম স্বাক্ষরিত এক অভিনন্দন বার্তায় বলা হয়, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তাঁর এই নির্বাচিত হওয়া বাংলাদেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক অভিজ্ঞতা, গভীর জনসম্পৃক্ততা এবং গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে অবিচল নেতৃত্ব তাঁকে জাতীয় নেতৃত্বের এক গুরুত্বপূর্ণ অবস্থানে অধিষ্ঠিত করেছে। বিপুল ভোটে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে গাকৃবিশিস নেতৃবৃন্দ বলেন, “রাষ্ট্রপতির দায়িত্ব অত্যন্ত মর্যাদাপূর্ণ ও গুরুত্বপূর্ণ। আমরা আশা করি, তিনি সংবিধানের মর্যাদা অক্ষুণ্ণ রাখা, রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করা এবং দেশের সকল নাগরিকের অধিকার ও মর্যাদা সমুন্নত রাখার ক্ষেত্রে নিরপেক্ষ, প্রজ্ঞাপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।” বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজের পক্ষ থেকে গাকৃবিশিস আরও প্রত্যাশা করে যে, দেশের উচ্চশিক্ষা ও গবেষণার প্রসার, শিক্ষার পরিবেশের উন্নয়ন, বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক স্বাধীনতা ও স্বায়ত্তশাসন এবং শিক্ষক সমাজের ন্যায্য মর্যাদা ও অধিকার নিশ্চিত করার বিষয়গুলো রাষ্ট্রীয় পর্যায়ে যথাযথ গুরুত্ব পাবে। বার্তায় গাকৃবিশিস নেতৃবৃন্দ আরো বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব, গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও জাতীয় সংহতি সমুন্নত রাখার পাশাপাশি রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালনে নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ ও গঠনমূলক ভূমিকা পালন করবেন এটাই দেশবাসীর প্রত্যাশা। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করা হয়। সেই সাথে তাঁর বলিষ্ঠ ও প্রজ্ঞাবান নেতৃত্বে দেশে শান্তি, স্থিতিশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধি আরও বেগবান হবে এই প্রত্যাশা করে গাকৃবিশিস এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা পুনর্ব্যক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published.