বাউবিতে ‘মোবাইল-ভিত্তিক ই-এটেন্ডেন্সের মাধ্যমে পরীক্ষা ব্যবস্থাপনা জোরদারকরণ’ শীর্ষক মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাউবিতে ‘মোবাইল-ভিত্তিক ই-এটেন্ডেন্সের মাধ্যমে পরীক্ষা ব্যবস্থাপনা জোরদারকরণ’ শীর্ষক মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নজমুল হক, গাজীপুর


বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর ই-লার্নিং সেন্টারে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (IQAC)-এর উদ্যোগে “Enhancing Examination Management System through Mobile-Based e-Attendance: Master Trainer Development & Hands-on Training” শীর্ষক দিনব্যাপী মাস্টার ট্রেইনার ডেভেলপমেন্ট ও ব্যবহারিক প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার (২৭ আগস্ট ) অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান। তিনি বলেন, “বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনা একটি বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় পরীক্ষা বিভাগকে অটোমেশনের আওতায় আনার কার্যক্রম এগিয়ে চলছে। এরই ধারাবাহিকতায় মোবাইলভিত্তিক ই-অ্যাটেনডেন্স চালু করা হয়েছে। এর মাধ্যমে পরীক্ষার্থীদের উপস্থিতি ও অনুপস্থিতির তথ্য দ্রুত ও নির্ভুলভাবে কেন্দ্রীয়ভাবে জানা যাবে। একই সঙ্গে ভুয়া পরীক্ষার্থী, অনিয়ম এবং উপস্থিত থেকেও অনুপস্থিত দেখানোর মতো সমস্যাগুলো প্রতিরোধ করা সহজ হবে। তিনি আরও বলেন, শুধু ই-অ্যাটেনডেন্স নয়, ফলাফল প্রস্তুত ও প্রকাশ, পরীক্ষা গ্রহণ এবং অভিযোগ ব্যবস্থাপনাসহ পরীক্ষা বিভাগের বিভিন্ন কার্যক্রম পর্যায়ক্রমে অটোমেশনের আওতায় আনা হচ্ছে। শিক্ষার্থীদের সেবা সহজ ও দ্রুত করতে প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্যোগও বাস্তবায়ন করা হচ্ছে। প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে বাউবির পরীক্ষা ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, নির্ভুল ও আধুনিক করতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এ প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ছড়িয়ে দিয়ে ই-অ্যাটেনডেন্স কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে প্রশিক্ষণার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।”


কর্মশালায় সভাপতিত্ব করেন বাউবি’র ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (IQAC)-এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জহির রায়হান। তিনি সমাপনী বক্তব্যে ডিজিটালাইজেশনের এই প্রক্রিয়া দ্রুত ও সফলভাবে বাস্তবায়নে সকল মাস্টার ট্রেইনার এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ হাবিবুল্যাহ মাহামুদ। প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি ইউনিট এর প্রধান মোঃ মমিনুল ইসলাম ও প্রোগ্রামার সঞ্জীব কুমার সাহা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. সায়মা আহমেদ। কর্মশালায় ধন্যবাদ জ্ঞাপন করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. জাকির হোসেন তালুকদার। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী মাস্টার ট্রেইনারদের মোবাইল অ্যাপভিত্তিক ডিজিটাল ই-এটেন্ডেন্স সিস্টেমের বিভিন্ন কারিগরি দিক, ডাটা এন্ট্রি, রিয়েল-টাইম ভেরিফিকেশন এবং পরীক্ষা হলের উপস্থিতির তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষণের কৌশলসমূহ হাতে-কলমে শেখানো হয়।

Leave a Reply

Your email address will not be published.