
এম এ সালাম রুবেল, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের ভোপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা-অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার বিকেলে বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করে ভোপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিতা চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলীসহ অন্যান্যরা।
সভায় অভিভাবকেরা বিদ্যালয়ের নিয়মিত পাঠদান ও শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা দেওয়ার প্রশংসা করেন। তাঁরা বলেন, শিক্ষকরা নিয়মিত ক্লাসের মাধ্যমে সন্তানদের শিক্ষা দিয়ে যাচ্ছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিতা চক্রবর্তী শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়ে সম্মাননা পাওয়ায় তাঁরা সন্তোষ প্রকাশ করেন এবং বিদ্যালয়ের সব শিক্ষকের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম বলেন, প্রত্যেক অভিভাবককে সন্তানদের প্রতি যত্নশীল হতে হবে। তাঁরা নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছে কি না, সেদিকে নজর রাখতে হবে। পড়াশোনার পাশাপাশি শিশুদের খেলাধুলার সুযোগ করে দিতে হবে।
তিনি আরও বলেন, ভোপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে কাজ করে আসছে। ভবিষ্যতে শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠানটি আরও ভালো ভূমিকা রাখবে বলে আশা করি।

Leave a Reply