পদ্মার ভাঙন থেকে বসতভিটা রক্ষায় ভেড়ামারায় জিও ব্যাগ ফেলা শুরু

পদ্মার ভাঙন থেকে বসতভিটা রক্ষায় ভেড়ামারায় জিও ব্যাগ ফেলা শুরু

মাহমুদুল হাসান চন্দন:

‎কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পদ্মা নদীর তীব্র ভাঙন থেকে বসতভিটা ও ফসলি জমি রক্ষায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ও জিও টিউব ফেলার কাজ শুরু হয়েছে। বুধবার ২২ জুলাই দুপুরে উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের ফয়জুল্লাহপুর গ্রামে এই ভাঙন রোধ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল গফুর।

‎উদ্বোধন শেষে সংসদ সদস্য আব্দুল গফুর সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজের গুণগত মান নিশ্চিত করার কঠোর নির্দেশ দেন। তিনি বলেন, জনগণের জানমাল ও ফসলি জমি রক্ষা আমাদের প্রধান দায়িত্ব। নির্ধারিত সময়ের মধ্যে নিখুঁতভাবে কাজ শেষ করতে হবে এবং ভাঙনকবলিত মানুষের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

‎বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) ভেড়ামারা কার্যালয় সূত্রে জানা গেছে, ভেড়ামারা উপজেলার বেশ কিছু এলাকা পদ্মা নদীর ভাঙনপ্রবণ হিসেবে চিহ্নিত। বর্তমানে তীব্র ঝুঁকির মুখে থাকা ফয়জুল্লাহপুর গ্রামের তীরবর্তী ৪০ মিটার এলাকায় জরুরি ভিত্তিতে এই প্রতিরক্ষামূলক কাজ করা হচ্ছে। এই প্রকল্পের জন্য সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ৪০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ভাঙন প্রতিরোধে নদীর তীরে প্রায় ৬ হাজার জিও ব্যাগ এবং ২৩৫টি জিও টিউব ফেলা হবে।

‎বাপাউবো ভেড়ামারার উপ-সহকারী প্রকৌশলী আল আমীন জানান, ভাঙন পরিস্থিতি মোকাবিলায় তারা সর্বোচ্চ সতর্ক রয়েছেন। দ্রুততম সময়ের মধ্যে জিও ব্যাগ ফেলার কাজ শেষ করে নদী তীরবর্তী এলাকাকে নিরাপদ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

‎কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ এবং ফয়জুল্লাহপুর গ্রামের বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন। ভাঙন রোধে সরকারের এই দ্রুত পদক্ষেপে দীর্ঘদিনের আতঙ্কিত স্থানীয় নদী তীরবর্তী মানুষের মনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তবে এলাকাটিকে স্থায়ীভাবে নিরাপদ করতে একটি স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published.