মোঃ রাকিব হোসেন সৌদি আরব প্রতিনিধি
মক্কায় ৫, মদিনায় ২; সবাই স্বাভাবিক ও বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন চলতি হজ মৌসুমে সৌদি আরবে এ পর্যন্ত মোট ৭ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। তাদের সবার মৃত্যু স্বাভাবিক ও বার্ধক্যজনিত কারণে হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয় ও সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ হজ অফিস।
সর্বশেষ প্রকাশিত ৩ মে ২০২৬ তারিখের হজ বুলেটিন অনুযায়ী, মৃত ৭ জনের মধ্যে ৫ জন মক্কায় এবং ২ জন মদিনায় ইন্তেকাল করেছেন। উল্লেখযোগ্য বিষয় হলো—এ পর্যন্ত মৃত্যুবরণকারী সবাই পুরুষ হজযাত্রী।
সবশেষ মৃত্যুর ঘটনা সর্বশেষ গত ২৮ এপ্রিল সৌদি আরবের স্থানীয় সময় রাত ৮টার দিকে মো. শামসুল আলম (৬৩) নামের এক বাংলাদেশি হজযাত্রী মদিনায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।জানা গেছে, তিনি রংপুর জেলার কোতোয়ালি মেট্রো থানার ভোগিবালাপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম আজিজুল ইসলাম। তিনি সরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছিলেন।
শারীরিক দুর্বলতা ও অসুস্থতা অনুভব করলে তিনি মদিনার বাংলাদেশ হজ অফিস মেডিকেল সেন্টারে চিকিৎসা নিতে যান। পরে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে কিং ফাহাদ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরবর্তীতে ফজরের নামাজ শেষে মদিনার ঐতিহাসিক জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হয়।
সৌদি পৌঁছেছেন ৪৩ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী আজ রবিবার সকালের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১০৮টি হজ ফ্লাইটে মোট ৪৩,০১৯ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ও বেসরকারি ব্যবস্থাপনায় হাজারো ধর্মপ্রাণ মুসল্লি ইতোমধ্যে পবিত্র হজের প্রস্তুতিতে মক্কা ও মদিনায় অবস্থান করছেন।
চিকিৎসাসেবা অব্যাহত বাংলাদেশ হজ অফিসের তথ্যমতে, সৌদি আরবে দায়িত্ব পালনরত মেডিকেল টিম এ পর্যন্ত প্রায় ৯,১৭৫ জন হজযাত্রীকে সরাসরি চিকিৎসাসেবা দিয়েছে। এছাড়া আইটি হেল্পডেস্কের মাধ্যমে আরও ৯,৭৩০ জন স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন।
হজ অনুষ্ঠিত হবে ২৬ মে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষের সতর্কবার্তা সৌদি আরবে তীব্র গরম ও আবহাওয়ার বৈরিতার কারণে হজযাত্রীদের পর্যাপ্ত পানি পান, ছাতা ব্যবহার, এবং অপ্রয়োজনে রোদে দীর্ঘসময় অবস্থান না করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত ২০২৫ সালে ৪৮ জন এবং ২০২৪ সালে ৬৫ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে ইন্তেকাল করেছিলেন।

Leave a Reply